২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরে ল্যাম্পার্ড বললেন, ‘গোলটাই করতে পারিনি আমরা’

চেলসি বর্তমানে যে অবস্থানে আছে, সেটা কাম্য নয় বলেও মনে করেন দলটির অন্তর্বর্তীকালীন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 11:24 PM

Updated : 08 Apr 2023, 11:24 PM

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চেলসির ডাগআউটে ফেরার ম্যাচটা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের জন্য সুখের হলো না মোটেও। তার দল হেরেছে উলভারহ্যাম্পটনের মাঠে। হতাশ ল্যাম্পার্ড ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বললেন, সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিয়েছে তার দল।

উলভারহ্যাম্পটনের মাঠে শনিবার ১-০ গোলে হেরে যায় চেলসি। প্রথমার্ধে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন মাথেউস নুনেস।

৩১তম মিনিটে গোলটি করেন নুনেস। ড্যানিয়েল পোডেন্সের ফ্লিক ক্লিয়ার করতে পারেননি চেলসির ডিফেন্ডাররা। বল গিয়ে পড়ে নুনেসের পায়ে; দৃষ্টিনন্দন হাফ-ভলিতে জালে খুঁজে নেন তিনি।

চেলসি থেকে বরখাস্ত হওয়ার দুই বছরের একটু বেশি সময় পর ফের স্ট্যামফোর্ড ব্রিজে ফেরেন ল্যাম্পার্ড। দলকে পথ দেখাতে না পারা গ্রাহাম পটারকে বিদায়ের পর ল্যাম্পার্ডের হাতে দলের দায়িত্ব বৃহস্পতিবার তুলে দেয় চেলসি। কিন্তু ৪৪ বছর বয়সী এই সাবেক মিডফিল্ডারের শুরুটাও হলো হারের হতাশা দিয়ে।

১৩টি শটের মাত্র একটি লক্ষ্য রাখতে পারে চেলসি। ল্যাম্পার্ড তাই সুযোগ তৈরি নিয়ে খুশি হলেও ফিনিশিং নিয়ে হতাশ।

“আমার মনে হয়, প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স ছিল ৭০ শতাংশ বা তার চেয়ে ভালো। একটা উন্মুক্ত ম্যাচের জন্য এটা যথেষ্ট ছিল এবং হঠাৎ করেই গোলটা পেয়ে গেল তারা।”

“দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় প্রাণশক্তি আরও বেশি ছিল, আরও বেশি সুযোগ তৈরি হলো এবং বক্সেও আমাদের খেলোয়াড়দের আধিক্য বেশি ছিল। আমরা গোল করতে পারতাম, কিন্তু পারিনি। আমরা মাত্র দুয়েক দিন কাজ করেছি এবং এ বিষয়গুলো দলের মানসিকতা বুঝতে পারার সঙ্গে সম্পর্কিত।”

চলতি লিগে নবম হারের তেতো স্বাদ পাওয়া চেলসি ৩০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে একাদশ স্থানে। জিতলেও ৩১ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে উলভারহ্যাম্পটন। ল্যাম্পার্ড ভালোভাবেই বুঝতে পারছেন, টেবিলে এত নিচে চেলসির অবস্থান কাম্য নয়।

“আমরা কাজ করব এবং নতুন করে সৃষ্টি করব। ওই পজিশনগুলোতে ভালো করার এবং ভালো পারফরম্যান্সের পুনরাবৃত্তি করব। এ ম্যাচে আমাদের কেবল স্কোর করতে পারার অনুভূতিটাই নেই। এখানে আমি আগেও ছিলাম এবং একটা ক্লাব হিসেবে আমাদেরকে নিজেদের জাত চেনাতে হবে।”

“যেখানে আছি, ক্লাব সেখানে থাকতে চায় না। কিন্তু, এটাই বাস্তবতা এবং আমাদের এটার মধ্য দিয়ে কাজ করতে হবে। এগিয়ে যাওয়ার জন্য পয়েন্ট পেতে হবে। তার জন্য আজ আমরা যে পারফরম করেছি, তার চেয়ে বেশি প্রয়োজন ছিল।”

প্রথম দফায় ১৯ মাস চেলসির কোচের দায়িত্ব পালন করেন ল্যাম্পার্ড। ২০২১ সালের জানুয়ারিতে তাকে ছাঁটাই করে দলটি। ২০২২ সালের জানুয়ারিতে আরেক ইংলিশ ক্লাব এভারটনের কোচ হন তিনি। সেখানেও পারেননি থিতু হতে। গত জানুয়ারিতে সরিয়ে দেওয়া হয় ল্যাম্পার্ডকে।