২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলিংহ্যামকে দেখে আর ‘অবাক’ হন না রুডিগার

তরুণ ইংলিশ মিডফিল্ডারের ব্যক্তিত্ব আর পরিণতবোধে মুগ্ধ রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার।

বেলিংহ্যামকে দেখে আর ‘অবাক’ হন না রুডিগার

জুড বেলিংহ্যাম (বাঁয়ে) ও আন্টোনিও রুডিগার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2024, 09:27 PM

Updated : 08 Apr 2024, 09:31 PM

রেয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে প্রথমবার জুড বেলিংহ্যামকে দেখে বিস্মিত হয়েছিলেন আন্টোনিও রুডিগার। তখন পর্যন্ত তার কাছে যে অচেনা একজন ছিলেন ইংলিশ মিডফিল্ডার। তবে দ্রুতই রুডিগার আবিষ্কার করে ফেলেন, বয়সের তুলনায় অনেক বেশি পরিণত বেলিংহ্যাম। অভিজ্ঞ জার্মান ডিফেন্ডারের মতে, ভবিষ্যতে নেতা হওয়ার সব গুণাবলিই আছে এই তরুণের।

গত জুনে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে পা রাখার পর শুরু থেকেই বেলিংহ্যাম মাঠ রাঙিয়েছেন তার দারুণ পারফরম্যান্সে। দ্রুতই হয়ে উঠেছেন ক্লাবের ভরসা। ২০ বছর বয়সী এই তারকা দলের ড্রেসিংরুমেও যে দারুণ প্রভাব ফেলেছেন, তা ফুটে উঠল সোমবার সংবাদ সম্মেলনে রুডিগারের কথায়। 

“ওকে প্রথমে দেখে আমি অবাক হয়েছিলাম, কারণ ওকে খুব ভালোভাবে চিনতাম না। সে খুব ব্যক্তিত্বসম্পন্ন, যার প্রভাব রয়েছে আমাদের দলে। যদি (বেলিংহ্যামের) সঙ্গে কথা বলেন, মনে হবে ওর সব অভিজ্ঞতা হয়ে গেছে। অথচ ওর বয়স মাত্র ২০ বছর। আমি আর অবাক হই না।”

"সে একজন নেতা হতে চলেছে, সে খুব পরিণত, সে যা কিছু করে, সবকিছু পেশাদারিত্বের সঙ্গে করে। আমাদের প্রার্থনা করা উচিত, সে যেন সুস্থ থাকতে পারে।” 

১৬ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে এবারের লা লিগার সর্বোচ্চ স্কোরার বেলিংহ্যাম। রেয়ালের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে তার গোল ২০টি। সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি। 

বরাবরই তার উচ্ছ্বসিত প্রশংসা করেন রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে আরও একবার তাকে স্তুতির জোয়ারে ভাসালেন ইতালিয়ান কোচ। 

"(বেলিংহ্যাম) দারুণ একজন খেলোয়াড়, ঠিক সময়ে প্রতিপক্ষের বক্সে কীভাবে ঢুকে যেতে হয়, তা সে জানে। শারীরিকভাবে সে খুব শক্তিশালী। আমাদের জন্য জায়গা এবং সুযোগ তৈরি করে সে।” 

ইউরোপ সেরার মঞ্চে শেষ আটের প্রথম লেগে মঙ্গলবার ঘরের মাঠে সিটির মুখোমুখি হবে রেয়াল। সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।