রাশিয়ার কষ্ট ভুলে পুনরুজ্জীবিত তিতের ব্রাজিল
বিশ্বকাপের ষষ্ঠ শিরোপার স্বপ্ন নিয়ে কাতার যাবে তিতের দল।
দলের শক্তি যেমনই হোক না কেন, ফেভারিটের তালিকায় জায়গা থাকুক বা নয়, চাওয়া সবসময় একটাই- শিরোপা। সেই চাপকে সঙ্গী করেই আরেকটি বিশ্বকাপ অভিযানে নামবে ব্রাজিল। প্রত্যাশার ভার পাহাড়সম হলেও সাম্প্রতিক সময়ের উজ্জ্বল পারফরম্যান্স জাগাচ্ছে বাড়তি আশা। বর্ষীয়ান কোচ তিতের সর্বজয়ী কৌশল এবং সেটাকে কাজে লাগানোর শক্তিশালী স্কোয়াড মিলিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ডানা মেলে দিচ্ছে সেলেসাওদের আকাশে।
সবশেষ ২০০২ সালে বিশ্ব জয়ের উল্লাস করেছিল ব্রাজিলিয়ানরা। এরপর পেরিয়ে গেছে চারটি আসর, হতাশার বৃত্ত থেকে বের হতে পারেনি তারা।
সবশেষ, রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে হেরে বিদায় নেওয়া ব্রাজিল দলের চেহারা আজ অনেকটাই বদলে গেছে। সেই স্কোয়াডের অর্ধেকের বেশি মুখ বদলে ফেলেছেন তিতে। এখন দলে বইছে তারুণ্যের জয়গান।
বিশেষ করে আক্রমণভাগে মূল সেনানী নেইমারের পাশে জ্বলজ্বল করছে কয়েকটি নাম-ভিনিসিউস জুনিয়র, আন্তোনি, রাফিনিয়া, রদ্রিগো। ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের সবশেষ ওই ব্যর্থতার বছরে কিংবা তার আশেপাশের সময়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে এই তরুণদের পথচলার শুরু। চার বছর বাদে তারা এখন নেইমারকে সাহায্য করতে, ব্রাজিলের ভার বইতে প্রস্তুত। তরুণদের পেয়ে লক্ষ্য পূরণের আরও বেশি সম্ভাবনা দেখছেন তিতেও।
“আগের সেলেসাও দলেও ছিল ইতিবাচক ফল, ছিল দৃঢ়তা। কিন্তু সঠিক অনুপ্রেরণা আর সৃজনশীলতার ঘাটতি ছিল, এই তরুণরা দলে তা যোগ করেছে।”
কেবল ওই চার নামই নয়, কোচের ভান্ডারে এখন আছে আরও কয়েকজন তরুণ। সঙ্গে অভিজ্ঞরা তো আছেনই।
গত বিশ্বকাপ দলের তরুণ খেলোয়াড় গাব্রিয়েল জেসুস যেমন আজ পরিণত। ওই আসরে পাঁচ ম্যাচ খেলে জালের দেখা না পাওয়া এই স্ট্রাইকার সাম্প্রতিক সময়ে আছেন দারুণ ছন্দে। আর্সেনালের হয়ে গোল করছেন নিয়মিত। কাতার বিশ্বকাপে যেতে মরিয়া তিনি।
তবে ভিনিসিউসি-রদ্রিগোদের ভিড়ে তার জায়গা পাওয়াই কঠিন। কোচ তিতের সামনে অপেক্ষা করছে এমন সব মধুর সমস্যা, কাকে বাদ দিয়ে কাকে রাখবেন দলে।
বাছাইয়ে দুর্দান্ত ব্রাজিল
ব্রাজিল দল কতটা শক্তিশালী, তার একটা প্রমাণ মিলেছে বিশ্বকাপ বাছাইপর্বে। লাতিন আমেরিকার বাছাইয়ে এবার সবচেয়ে সেরা সময় কাটিয়েছে তারা; হারের বিষাদ ছুঁতেই পারেনি ব্রাজিলকে! অপরাজেয় পথচলায় বাছাই পেরিয়ে সবার আগে মূল পর্বে পা রাখে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা; ১৪ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থেকে শেষ করে বাছাইপর্ব। এই ম্যাচগুলোয় প্রতিপক্ষের জালে ৪০ বার বল পাঠায় তারা, বিপরীতে হজম করে মোটে পাঁচ গোল।
বাছাইয়ে অপ্রতিরোধ্য যাত্রার পরও ছুটছে ব্রাজিলের জয়ের রথ। সবশেষ দুই আন্তর্জাতিক বিরতিতে চারটি প্রীতি ম্যাচ খেলেছে তারা। সবকটি জয়ের পথে তারা জাল অক্ষত রাখে দুটি ম্যাচে; এই সময়ে মোট গোল করেছে ১৪টি, হজম করেছে কেবল দুটি।
তিতের ফুটবল ভাবনা ও কৌশল
নিজেদের ফুটবল ইতিহাসে সবশেষ কিংবদন্তি কোচ মারিও জাগালোর হাত ধরে টানা দুটি বিশ্বকাপ খেলেছিল ব্রাজিল। টানা দায়িত্বে থেকে এরপর প্রথম কোচ হিসেবে সেই একই কীর্তি গড়তে যাচ্ছেন তিতে। তেলে সালতানার কোচিংয়ে অবশ্য ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপ খেলেছিল তারা, তবে ওই দুই আসরের মাঝে দুই বছর অন্যত্র কাজ করেছিলেন তিনি।
এই তথ্য থেকেই একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, ব্রাজিল দলে সময়টা উপভোগ করছেন তিতে এবং তার প্রতি আস্থা ক্রমেই বেড়েছে বোর্ডের। এমনকি ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল এবং গত বছর ঘরের মাঠে কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হারের পরও।
ওই দুই ব্যর্থতার আগে-পরে দলকে সাফল্যের পথে রেখেই আস্থা অর্জন করেছেন তিতে। তার কোচিংয়ে মোট ৭৬টি ম্যাচ খেলে ৫৮টি জিতেছে ব্রাজিল; বাকি ১৮ ম্যাচের মধ্যে হেরেছে মাত্র পাঁচটি, ড্র ১৩টি।
গত ১০ বছরে তিনি আরও কৌশলী হয়েছেন। ক্লাব করিন্থিয়াসে সাফল্য পেয়েছেন, ব্যর্থও হয়েছেন। আধুনিক ফুটবলে জ্ঞানের পরিধি বাড়াতে ক্লাবটির দায়িত্ব ছেড়ে দিয়ে পড়ালেখা করেছেন এবং আবারও ফিরেছেন চেনা আঙিনায়।
এরপর ২০১৬ সালে প্রথমবারের মতো দায়িত্ব নেন কোনো জাতীয় দলের। শুরু থেকেই ব্রাজিলের ড্রেসিং রুমে তরুণদের পাশাপাশি সিনিয়রদের শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হন তিতে।
রাশিয়া বিশ্বকাপ থেকে অনেকবার ফর্মেশন বদলেছেন তিনি। সবশেষ গত সেপ্টেম্বরে ঘানার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বল ছাড়া ব্রাজিলকে খেলতে দেখা যায় ৪-৩-৩ ফর্মেশনে আর পজেশন থাকা অবস্থায় খেলে ৩-২-৫ ছকে-শক্তিশালী আক্রমণভাগকে আরও বিধ্বংসী করে তুলতেই এই কৌশল।
বিশেষ ওই পন্থা যদিও আদর্শ নয়। বিশ্বকাপের মূল পর্বে তিতে হয়তো এই ফর্মেশনে দলকে খেলাবেনও না। সেখানে চার ডিফেন্ডার নিয়েই তাদের দেখা যেতে পারে, সঙ্গে দুই হোল্ডিং মিডফিল্ডার এবং নেইমার খেলবেন মাঠের মাঝের অংশ জুড়ে। একই সঙ্গে তিনি দুই উইঙ্গার ও সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে মিলে আক্রমণ শাণাবেন।
আর বল পায়ে থাকা অবস্থায় দেখা যেতে পারে ফুল-ব্যাকদের একজনকে উপরে উঠে আসতে এবং প্লেমেকার কিংবা মিডফিল্ডারের মতো খেলতে। আর দুই উইঙ্গার আক্রমণ গড়বেন দুই পাশ দিয়ে। ঘর আগলে, বল দখলে রেখে খেলাতেই বেশি মনোযোগী থাকে ব্রাজিল; চেষ্টা করে গতি আর দক্ষতা দিয়ে প্রতিপক্ষের দেয়াল ভাঙতে।
দলের প্রাণভোমরা নেইমার
আসছে বিশ্বকাপেই কেবল নয়, গত দুটি বৈশ্বিক আসরেও ব্রাজিল স্বপ্ন বুনেছিল এই তারকাকে ঘিরে। ২০১৪ আসরে নেইমার চোট পেয়ে ছিটকে যাওয়ার পর পথ হারায় তারা। আর গতবার শেষ আটে খুব প্রয়োজনের সময় দলকে পথ দেখাতে পারেননি তিনি। হতাশার সেই কালো মেঘ ফুড়ে এবার কি আলো ছড়াতে পারবেন নেইমার?
আন্তর্জাতিক ফুটবলে ২০১১ সালে অভিষেকের পর থেকে নেইমারের জীবনে অনেক কিছু বদলেছে। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাইও দেখেছেন। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে যেমন সাফল্যের শীর্ষে উঠেছেন, তেমনি অনেক আশা নিয়ে পিএসজিতে আসার পর ব্যর্থতার ছবিও এঁকেছেন।
তবে তার সামর্থ্য নিয়ে প্রশ্নের অবকাশ কখনোই ছিল না। এখনও আগের মতোই তিনি আছেন সময়ের সেরাদের একজন, ‘আনপ্রেডিক্টেবল’ নেইমার। কোটি কোটি ব্রাজিলিয়ানদের স্বপ্নের ভার যার চওড়া কাঁধে।
৩০ বছর বয়সী তারকা চলতি মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দেও আছেন। গত বৃহস্পতিবার পিএসজি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন বিশ্বজয়ের তাড়নার কথাও।
“আমি মৌসুমটা ভালোভাবে শুরু করতে পেরে খুব খুশি, সেটা পিএসজিতে হোক বা ব্রাজিল জাতীয় দলের হয়েই হোক। এই বছরের লক্ষ্য হলো উভয় দলের হয়ে শিরোপা জেতা, পিএসজি ও ব্রাজিলের জার্সিতে সবকিছু জেতা। আমাদের সামনে একটি বিশ্বকাপ এগিয়ে আসছে এবং আমরা জানি এই প্রতিযোগিতা কতটা কঠিন। কিন্তু আমি এটা জয়ের স্বপ্ন দেখি।”
পুরনো ব্যর্থতা ভুলে পরিণত নেইমারের সামনে এবার বিশ্ব ফুটবলে বিশেষ করে ব্রাজিলিয়ান ফুটবলে নিজের লেগ্যাসি রেখে যাওয়ার চ্যালেঞ্জ। বিশ্বকাপ জয় এবং বিশ্বের সেরা ফুটবলার হয়ে ওঠার পথে কাতার বিশ্বকাপ হতে পারে তার এক ঢিলে দুই পাখি মারার সবচেয়ে বড় সুযোগ।
নজর থাকবে যার ওপর: ভিনিসিউস জুনিয়র
রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম তিন বছরে নিজেকে সেভাবে চেনাতে পারেননি ভিনিসিউস। নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু বেশিই সময় নিয়ে নেন তিনি। তাতে মাঝেমধ্যে তার সামর্থ্য নিয়েও উঠেছিল প্রশ্ন।
সেসব এখন অতীত। গত মৌসুমে যেন ‘আসল ভিনিসিউসের’ দেখা মেলে, গতি আর ড্রিবলিংয়ে যিনি চোখের পলকে ভেঙে দিতে পারেন প্রতিপক্ষের রক্ষণ। ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন এ মৌসুমেও। জাতীয় দলের শুরুর একাদশে অবশ্য এখনও জায়গা পাকা করতে পারেননি ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেটা হতে পারে, তিতে কাতার মিশনের আগে ভারসাম্যপূর্ণ লাইন-আপের খোঁজে আছেন বলে।
অপ্রত্যাশিত কোনো ঘটনা ছাড়া ভিনিসিউসের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাই এখন আসলে দেখার বিষয় হলো, বিশ্ব মঞ্চে ভিনিসিউস ‘রিয়ালের ভিনিসিউস’ হয়ে উঠতে পারেন কি-না। আর সেটা হলে নেইমারের ব্রাজিল হয়ে উঠতে পারে ‘ভিনির ব্রাজিলও’।
ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাস
অর্জনের শোকেসের শোভা পাচ্ছে রেকর্ড পাঁচ-পাঁচটি বিশ্বকাপ শিরোপা। সবশেষটি ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে। তবে, এরপর আর কখনও ফাইনালেই উঠতে পারেনি ব্রাজিল।
২০০৬ ও ২০১০ আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর ২০১৪ সালে ঘরের মাঠে ‘ষষ্ঠ শিরোপার’ স্বপ্নে বুঁদ হয়ে ছিল পুরো জাতি। কিন্তু সেমি-ফাইনালে জার্মানির বিপক্ষে হয় ভরাডুবি। এরপর রাশিয়ায় আবার শেষ আটেই সব শেষ।
২০ বছর বাদে আবারও বিশ্বকাপ ফিরছে এশিয়ায়; প্রথমবারের মতো গড়াচ্ছে মধ্যপ্রাচ্যে। আরও একবার বিশ্ব জয়ের উৎসব করতে প্রস্তুত হচ্ছে সেলেসাওরা। তিতের দল সব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে কি-না, সেটাই দেখার বিষয়।
