Published : 19 Sep 2026, 05:22 PM
খেলার ধরন আলাদা, তবে একটা জায়গায় মিল দারুণ- প্রতিপক্ষের জন্য ভীতিকর। পেপ গুয়ার্দিওলার সর্বজয়ী সেই বার্সেলোনার সঙ্গে হান্সি ফ্লিকের বর্তমান দলের মধ্যে তুলনা টানছেন অনেকেই। সেই আলোচনায় এবার যোগ দিলেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া প্লাসা। অল্প কথায় অভিজ্ঞ কোচ বললেন পার্থক্য কোথায়।
লেভান্তে ও গেতাফের কোচ হিসেবে কাজ করার সময় পেপ গুয়ার্দিওলার সর্বজয়ী বার্সেলোনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয় প্লাসার। এবার সেভিয়ার হয়ে ফ্লিকের বার্সেলোনার বিপক্ষে খেলবেন তিনি। মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রোববার ১টায় (এএম)।
এর আগের দিন সংবাদ সম্মেলনে দুই বার্সেলোনার মধ্যে তুলনা টানলেন প্লাসা।
“আমি গুয়ার্দিওলার বার্সার মুখোমুখি হয়েছি এবং ওই দলের বিপক্ষে হয়তো বলই খুব একটা স্পর্শ করতে পারবেন না। কিন্তু এই দলটি গোলের অনেক বেশি সুযোগ তৈরি করে।”
লা লিগায় টানা তৃতীয় শিরোপার অভিযানে প্রথম ছয় ম্যাচে ২৮ গোল করেছে বার্সেলোনা! হাফিনিয়া, লামিন ইয়ামালদের আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতে পারছে না কোনো দলই। সেই চ্যালেঞ্জ নিচ্ছেন সেভিয়া কোচ।
“প্রত্যেকেই প্রতিপক্ষকে যতটা সম্ভব আটকে রাখার চেষ্টা করে। তারা যত কম সুযোগ তৈরি করবে আপনি তত এগিয়ে থাকবেন। এখন পর্যন্ত আতলেতিকোর বিপক্ষে ম্যাচ ছাড়া আমরা খুব ভালো করেছি।”
৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লা লিগার গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ১৫ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে রেয়াল মাদ্রিদ ও রেয়াল বেতিস।
১৩ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া।