২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পা ভেঙে মৌসুম শেষ নয়ারের

ছুটিতে থাকাকালীন পা ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার করানো হয়েছে জার্মান গোলরক্ষকের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 06:26 PM

Updated : 10 Dec 2022, 06:26 PM

বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের পর ছুটি কাটাচ্ছিলেন মানুয়েল নয়ার। সেখানেই ঘটে গেল অঘটন। পা ভেঙে গেছে জার্মানির এই গোলরক্ষকের। এরই মধ্যে করানো হয়েছে অস্ত্রোপচার। এতে চলতি মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।

২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবারের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায়। ক্লাব ফুটবল আবার শুরু হবে বৈশ্বিক আসর শেষে। তার প্রস্তুতিতে যোগ দেওয়ার আগে ছুটিতে ছিলেন বায়ার্ন মিউনিখের এই খেলোয়াড়।

এখন আর তা হচ্ছে না। গত শুক্রবার অস্ত্রোপচার করানো হয়েছে ৩৬ বছর বয়সী নয়ারের, যা তার এই মৌসুম শেষ করে দিয়েছে।

ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শনিবার বিষয়টি নিজেই জানিয়েছেন নয়ার।

“আর কী বলতে পারি, বছরের শেষটা অবশ্যই ভালো হতে পারত...স্কি-ট্যুরিংয়ে (বিশ্বকাপ ব্যর্থতা ঝেড়ে ফেলে) আমি চাঙ্গা হওয়ার চেষ্টা করছিলাম, তখন আমার পায়ের নিচের দিকে হাড় ফেটে গেছে। গতকালের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকদের অনেক ধন্যবাদ! তবে আমার চলতি মৌসুম শেষ হয়ে গেছে জেনে খারাপ লাগছে।”