এশিয়ান সার্ফিংয়ের হিটে প্রথম বাংলাদেশের মান্নান
এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের হিটে আলো ছড়িয়েছেন বাংলাদেশের এই সার্ফার।
এশিয়ার ১৮টি দেশের প্রতিযোগীদের নিয়ে মালদ্বীপে হওয়া এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডের হিটে প্রথম হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ মান্নান।
মালদ্বীপের কে. টুলুসদো দ্বীপে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের হিটে সর্বোচ্চ স্কোর করে তৃতীয় রাউন্ডে উঠেছেন মান্নান। হিটে এই সার্ফার ১০.৬৬ পয়েন্ট তোলেন।
১০.৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন স্বাগতিক মালদ্বীপের সার্ফার মুঈন ইব্রাহিম এবং ৫.৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন থাইল্যান্ডের প্রতিযোগী।
বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের প্রথম হিটে নামবেন মান্নান। তার প্রতিপক্ষ যথাক্রমে ভারতের রমেশ বুদিহাল, মালদ্বীপের আবদুল্লা আরিফ ও সিঙ্গাপুরের জুলিয়ান মার্ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার মোট ১৮টি দেশের প্রতিযোগী।
বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হচ্ছে ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, চাইনিজ তাইপে, সৌদি আরব, ফিলিস্তিন, আফগানিস্তান, লেবানন, থাইলান্ড, ইরান, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক মালদ্বীপ।
