খেলোয়াড়দের সামলাতে না পারায় অভিযুক্ত লিভারপুল
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমন কাণ্ড ঘটান লিভারপুল খেলোয়াড়রা।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে তাদের খেলোয়াড় নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ইতিহাদ স্টেডিয়ামে গত শনিবারের ম্যাচের ৩৪তম মিনিটে সিটির রদ্রিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর দাবিতে রেফারিকে ঘিরে ধরেন লিভারপুলের খেলোয়াড়রা। কোডি হাকপোকে ফাউল করেছিলেন রদ্রি।
ম্যাচটি ৪-১ গোলে হেরে যায় ইয়ুর্গেন ক্লপের দল।
এক বিবৃতিতে গত বৃহস্পতিবার লিভারপুলকে অভিযুক্ত করার কথা জানায় ইংল্যান্ডের ফুটবল সংস্থা। এই অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী বুধবার পর্যন্ত সময় আছে ক্লাবটির সামনে।
লিগে পয়েন্ট টেবিলে ২৮ ম্যাচে ৪৩ নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। দলটির পরবর্তী ম্যাচ আগামী রোববার, লিগে শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে।
