২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রথম’ হ‍্যাটট্রিক করা সাকাকে নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড কোচ

গ্যারেথ সাউথগেট মনে করেন, যেকোনো দলের শক্তি বাড়িয়ে দেয় আর্সেনাল ফরোয়ার্ডের উপস্থিতি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2023, 05:19 PM

Updated : 20 Jun 2023, 05:19 PM

আর্সেনালের হয়ে কাটিয়েছেন ভালো একটি মৌসুম। ক্লাব ফুটবলের পর জাতীয় দলেও দ্যুতি ছড়াচ্ছেন বুকায়ো সাকা। ইউরো ২০২৪-এর বাছাইয়ে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক উপহার দেন তিনি, আন্তর্জাতিক ফুটবলে যা তার প্রথম। তরুণ ফরোয়ার্ডের খেলায় মুগ্ধ গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ড কোচ মনে করেন, এমন একজন খেলোয়াড় যেকোনো দলের শক্তি বাড়িয়ে দেয়।

বাছাইয়ে গত সোমবারের ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ইংল্যান্ড। সাকা ছাড়া জালের দেখা পান হ্যারি কেইন, করেন দুই গোল। একটি করে গোল মার্কাস র‍্যাশফোর্ড ও কেলভিন ফিলিপস।

অ্যাকিলিসের চোট নিয়ে ম্যাচটি খেলেন সাকা। এরপরও নিজেকে ঠিকই মেলে ধরেন তিনি। চমৎকার পারফরম্যান্সে মন জয় করে নেন কোচের।

২০২২-২৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের দ্বিতীয় হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২২ বছর বয়সী সাকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ১৫ গোল করেন তিনি। সতীর্থদের দিয়ে করান ১১ গোল।

সাকার প্রশংসায় তাই পঞ্চমুখ সাউথগেট। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার খেলায় দারুণ খুশি এই ইংলিশ কোচ।

“সে (বুকায়ো সাকা) যখন আর্সেনাল দলে যোগ দিয়েছিল, তখন আমাকে যা নাড়া দিয়েছিল তা হলো, সে এমন একটি সময়ে শীর্ষ পর্যায়ে পারফর্ম করছিল যখন দলটি কঠিন সময় পার করছিল।”

“এরপর দল যখন ভালো খেলছিল, তখনও সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল এবং শীর্ষ মানের পারফর্ম করছিল। এটা তার মানসিকতা, চাপ মোকাবেলা করার সক্ষমতা সম্পর্কে অনেক কিছু বলে দেয়। এমন একটি আবহেই আমরা সবসময় থাকি। তার সঙ্গে কাজ করাটা দারুণ ব্যাপার।”

ইংল্যান্ডের বর্তমান আক্রমণভাগে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরার কেইন, সাকা ছাড়াও আছেন মার্কাস র‍্যাশফোর্ড। কেউ কেউ মনে করেন, দলটির আক্রমণভাগ লম্বা একটা সময়ের মধ্যে সেরা।

দলের সবার সামর্থ্যে আস্থা আছে সাউথগেটের। বললেন, প্রতিপক্ষ বুঝে আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যবহার করবেন তিনি।

“আমি মনে করি ভিন্ন ভিন্ন ম্যাচের জন্য আলাদা বৈশিষ্ট্যের খেলোয়াড় গুরুত্বপূর্ণ। আর আমরা কখনই নিশ্চিত হতে পারব না যে আমরা সবাইকে সবসময় ফিট পাব।”

“তাই আজকে রাতের মতো ম্যাচগুলো, যখন দল ভালো খেলছে, আমরা বিরতিতে তাদের বলেছিলাম, ‘তোমাদের আজকের মতো একটি রাত উপভোগ করতে হবে, তোমাদের আক্রমণ চালিয়ে যেতে হবে এবং ফিনিশিংয়ে ভালো করতে হবে।’ কারণ অধিকাংশ সময়ই আপনি দলকে এমন অবস্থায় পাবেন না।”