২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুমু-বিতর্কে পদত্যাগ ‘করতে যাচ্ছেন’ স্পেনের ফুটবল প্রধান

ফুটবলারকে চুমু দেওয়ার ঘটনায় তুমুল সমালোচনার জের ধরে লুইস রুবিয়ালেস পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর স্প্যানিশ সংবাদমাধ্যমের।

চুমু-বিতর্কে পদত্যাগ ‘করতে যাচ্ছেন’ স্পেনের ফুটবল প্রধান

ফাইনাল শেষে সেদিন দলের সবাইকে আলিঙ্গনে জড়ান লুইস রুবিয়ালেস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 11:31 AM

Updated : 25 Aug 2023, 02:34 PM

সমালোচনার তীব্র ধাক্কায় অবধারিত পরিণতিই হয়তো মেনে নিতে হচ্ছে লুইস রুবিয়ালেসকে। বিশ্বকাপ ফাইনাল শেষে ফুটবলারকে চুমু দেওয়ার ঘটনায় র‌য়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমের। 

স্পেনের কাদেনা সের রেডিও জানায়, শুক্রবার পদত্যাগ করবেন রুবিয়ালেস। পরে স্পেনের আরও কিছু সংবাদমাধ্যমও বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায় এই খবর। 

গত শিনিবার সিডনিতে বিশ্বকাপ ফাইনাল শেষে জেনিফার এরমোসোর ঠোঁটে চুমু দেওয়ার পর থেকে তোপের মুখে আছেন রুবিয়ালেস। স্পেনের প্রধানমন্ত্রী পর্যন্ত তীব্র সমালোচনা করেন তার।

বৃহস্পতিবার রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় ফিফা। এটিই মূলত তার পদত্যাগের সিদ্ধান্ত ত্বরান্বিত করেছে বলে জানায় সংবাদমাধ্যম।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুবিয়ালেসের ভবিষ্যৎ নির্ধারণ ও তার সম্ভাব্য উত্তরসূরী ঠিক করতে বৃহস্পতিবার এক ‘ক্রাইসিস’ সভায় বসেছিলেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আঞ্চলিক কর্মকর্তারা।

সিডনিতে গত রোববার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে ওই কাণ্ড ঘটান রুবিয়ালেস। মেডেল নেওয়ার সময় তিনি দলের সব ফুটবলারকেই আলিঙ্গনে জড়ান, গালে ও কপালে চুমু এঁকে দেন অনেকের, জড়িয়ে উঁচুতে তুলে ধরেন কাউকে কাউকে। তবে মাত্রা ছাড়িয়ে যান এরমোসোর ক্ষেত্রে। স্পেনের হয়ে একশর বেশি ম্যাচ খেলা এই ফুটবলারকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে আচমকা ঠোঁটে চুমু দেন তিনি।

ওই ঘটনার সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে তীব্র সমালোচনা হতে থাকে রুবিয়ালেসের। তিনি শুরুতে সমালোচনাকারীদেরকে ‘ইডিয়ট’ বলে উড়িয়ে দেন। তবে দেশের ভেতরে-বাইরে সমালোচনার তীব্র জোয়ারের মুখে এক পর্যায়ে তিনি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন।

তবে তাতেও কমেনি ঝড়। স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন, স্রেফ ক্ষমা চাওয়াই এখানে যথেষ্ট নয়। এরমোসো নিজে পরে বিবৃতিতে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবি করেন রুবিয়ালেসের।

রুবিয়ালেসের ‘উপযুক্ত শাস্তি’ নিশ্চিত করতে আগামী সোমবার স্পেনের সেকেন্ড ডেপুটি প্রধানমন্ত্রী জোলান্দা দিয়াসের সঙ্গে দেখা করবে ফুটপ্রো ইউনিয়ন। স্পেনের নারী ফুটবল লিগ ‘লিগা এফ’ কর্তৃপক্ষ এর মধ্যেই রুবিয়ালেসকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে এবং জাতীয় স্পোর্টস কাউন্সিলের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।