২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেতে থাকা’ নুনেসের পারফরম্যান্সে মুগ্ধ ক্লপ

উরুগুয়ের এই ফরোয়ার্ডকে সামনে আরও বেশি সময় খেলার সুযোগ দেওয়ার কথা বললেন লিভারপুল কোচ।

‘তেতে থাকা’ নুনেসের পারফরম্যান্সে মুগ্ধ ক্লপ

দারউইন নুনেসকে আলিঙ্গন করছেন ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 04:39 PM

Updated : 28 Aug 2023, 06:44 PM

জায়গা হচ্ছে না শুরুর একাদশে, বদলি নামলেও খুব বেশি সময় খেলার সুযোগ মিলছে না দারউইন নুনেসের। তাই তেতে থাকাই স্বাভাবিক লিভারপুলের এই স্ট্রাইকারের। এর প্রতিফলন হয়তো দেখা গেল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে তার ম্যাচ জেতানো দুর্দান্ত পারফরম্যান্সে। যা মুগ্ধ করেছে ইংলিশ ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপকে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিউক্যাসলের মাঠে ২-১ গোলে জেতে লিভারপুল। বদলি নেমে দলের দুটি গোলই করেন উরুগুয়ের নুনেস। 

ম্যাচের ২৫তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করার তিন মিনিট পর আরেকটি বড় ধাক্কা খায় লিভারপুল। নিউক্যাসলের আলেক্সান্দার ইসাককে বক্সের বাইরে পেছনে থেকে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার ও অধিনায়ক ভার্জিল ফন ডাইক। 

১০ জনের দলে পরিণত হওয়া লিভারপুল ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিল ১-০তে পিছিয়ে। লম্বা সময় ধরে গোলের জন্য কোনো শটই নিতে পারছিল না লিভারপুল। কয়েকবার একটুর জন্য তারা হজম করেনি আরেকটি গোল। প্রায় আট বছর পর লিগে লিভারপুলকে হারানোর স্বপ্ন দেখছিল নিউক্যাসল। কিন্তু তাদের সেই আশা ভেঙে দেন ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা নুনেস। 

৮১তম মিনিটে নিউক্যাসল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের নিচু কোনাকুনি শটে সমতা টানেন তিনি। পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোলটি করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। 

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি লিগ ম্যাচ খেলেছে লিভারপুল। একটিতেও শুরুর একাদশে ছিলেন না নুনেস। চেলসির বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সুযোগ পান তিনি ২৪ মিনিট, বোর্নমাউথের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলেন কেবল ৪ মিনিট। ওই দুই ম্যাচে কোনো গোল পাননি এই ফরোয়ার্ড। 

নিউক্যাসলের বিপক্ষে ১৩ মিনিট খেলার সুযোগ পেয়েই দলের ভাগ্য বদলে দেন নুনেস। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে নুনেসকে স্তুতিতে ভাসান ক্লপ। 

“(খুব বেশি) খেলতে না পারা, শুরুর একাদশে না থাকার কারণে অবশ্যই সে তেতে ছিল। ওই দুই শটে (গোলের) সে তার সব শক্তি দিয়েছিল… দুর্দান্ত পরিণত একটি পারফরম্যান্স ছিল এবং গোল দুটিও ছিল শীর্ষ মানের।” 

দুর্দান্ত পারফরম্যান্সে সামনে আরও বেশি সময় খেলার দাবি জানিয়ে রাখলেন নুনেস। ক্লপও মেনে নিলেন সেটা। তবে অ্যানফিল্ডের দলটির কোচ অবশ্য ভাবছেন, পুরো দল নিয়ে। দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া নিয়ে। 

“মৌসুমের শুরু কেবল, আপনাকে (দলের) স্থিতিশীলতা খুঁজে বের করতে হবে। ফলাফল পাওয়ার জন্য সঠিক ফরমেশন আমাদের বের করতে হবে। এরপর আমরা প্রতি তিন দিনে খেলব এবং সবাই খেলার সুযোগ পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।” 

“একজন স্ট্রাইকার দুই গোল করার পর আপনি তার মুখে হাসি দেখতে পাবেন এবং এটাই হওয়া স্বাভাবিক। তবে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে, এমন একটি পারফরম্যান্স পাওয়া গেছে। একসাথে এগিয়ে যাওয়ার জন্য এমন কিছুই প্রয়োজন।”