Published : 19 Nov 2022, 02:25 PM
রাশিয়া আসর থেকে আগেভাগে বিদায়ের পর অনেক উন্নতি করেছে আর্জেন্টিনা। রক্ষণে এসেছে এক ঝাঁক নতুন মুখ। মাঝমাঠে আছে কার্যকর সব খেলোয়াড়। আর আক্রমণভাগ তো বরাবরের মতোই বিশ্বের সেরাগুলোর একটি। লিওনেল স্কালোনির কোচিংয়ে নিজেদের নতুন করে আলোচনায় আনা আর্জেন্টিনা দলের উপর অনেক আস্থা সাবেক ডিফেন্ডার পাওলো সাবালেতার।
রোমে গত সপ্তাহে দিয়েগো মারাদোনা স্মরণে আয়োজিত একটি প্রীতি ম্যাচে অংশ নেন সাবালেতা। সেই ম্যাচের পর ফিফা প্লাসে আর্জেন্টিনার বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে খেলতে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, এমিলিয়ানো মার্তিনেসরা। তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে আশা ক্রমেই বাড়ছে সাবালেতার।
“একজন আর্জেন্টাইন হিসেবে, আমি বিশ্বকাপে জাতীয় দলের কাছ থেকে দুর্দান্ত কিছু আশা করছি। এই স্কোয়াড দারুণ সময় কাটাচ্ছে এবং খুব ভালো ফুটবল খেলছে। আশা করি আর্জেন্টিনা ভালো খেলবে। আমি অপেক্ষা করছি আর্জেন্টিনা ফাইনাল খেলবে এবং সেখান থেকে কেন বিশ্বকাপ নয়।”
ক্লাব ফুটবলে সান লরেন্সো, এস্পানিওল, ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হ্যামে খেলার অভিজ্ঞতাসম্পন্ন সাবালেতা বিশ্বকাপে খেলেছেন স্রেফ একটি আসরে। সেই ২০১৪ বিশ্বকাপই সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সেরা সাফল্য। সেই হার এখনও পোড়ায় তবে ফাইনালে খেলার স্মৃতি সাবালেতার কাছে অমূল্য।
“আমরা সেবার (২০১৪ সালে) ফাইনালে উঠি এবং জার্মানির কাছে হেরে যাই। সেই পরাজয় বাদ দিলে আমার কাছে সেটি দারুণ অভিজ্ঞতা। খুব কম খেলোয়াড় বিশ্বকাপ ফাইনাল খেলার সুযোগ পায়।”
আগামী মঙ্গলবার সৌদি আরব ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।