Published : 18 Jul 2026, 11:19 AM
নরসিংদীর মাধবদীতে ডাকাতদের বাধা দেওয়ায় এক গৃহকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছ বলে অভিযোগ উঠেছে। আহত হয়েছেন আরেকজন।
শুক্রবার রাতে মাধবদী থানার বলবর্দী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।
নিহত হয়েছেন ৫০ বছর বয়সি শাহজাহান মিয়া, তিনি পেশায় ব্যবসায়ী।
পুলিশ জানায়, গভীর রাতে ৮-১০ জনের ডাকাত দল শাহজাহান মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা কর। তখন ডাকাতরা বাড়ির সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এতে ঘটনাস্থলেই গৃহকর্তা শাজাহান মিয়ার মৃত্যু হয়। এ সময় আহত হন পরিবারের আরেক সদস্য ৭০ বছর বয়সি সুরুজ মিয়া।
পরে ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
এর আগে গত ১০ জুলাই মাধবদীর কাঠালিয়া এলাকায় একরাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে বিএনপির সাবেক সভাপতির ছেলে শাহাদাতের বাড়ি থেকে নগদ ২ লাখ টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার লুট করে ডাকাত দল।
স্থানীয়দের অভিযোগ, ওই ডাকাতির পর কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আবারও নতুন করে ডাকাতির ঘটনা হয়েছে।
ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।