২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কন্ডিশন যেমনই হোক, ‘হোম ভেন্যুতে' জয়ের লক্ষ্য আবাহনীর

কদিনের টানা বর্ষণে সিলেট জেলা স্টেডিয়ামের মাঠ ভারি হয়ে থাকলেও তা নিয়ে ভাবতে চাইছেন না আবাহনী কোচ মারিও লেমোস।

কন্ডিশন যেমনই  হোক, ‘হোম ভেন্যুতে' জয়ের লক্ষ্য আবাহনীর

সংবাদ সম্মেলন শেষে (বাঁ দিক থেকে) আবাহনী কোচ মারিও লেমোস ও অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন এবং ঈগলসের খেলোয়াড় আব্দুল্লাহ সামেহ ও কোচ শিয়াজ মোহামেদ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 05:32 PM

Updated : 15 Aug 2023, 08:05 PM

সারা দেশের মতো সিলেটেও চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। বৃষ্টি হচ্ছে কখনও থেমে-থেমে; কখনও টানা। সিলেট জেলা স্টেডিয়ামের মাঠও হয়ে উঠেছে ভারি। তবে প্রতিকূলতাকে অজুহাত হিসেবে দেখাতে রাজি নন মারিও লেমোস। এএফসি কাপের বাছাইয়ে মালদ্বীপের দল ঈগলসকে হারাতে বিরুদ্ধ কন্ডিশনে সেরাটা নিংড়ে দেওয়ার বার্তা দিলেন আবাহনী কোচ। 

বাছাইয়ের দ্বিতীয় ধাপে বুধবার স্থানীয় সময় সোয়া ৩টায় ক্লাব ঈগলসের মুখোমুখি হবে আবাহনী। এ ম্যাচের জয়ী দল পাবে প্লে-অফ রাউন্ডে খেলার সুযোগ। ঈগলস বাধা পেরুতে পারলে আবাহনীর প্রতিপক্ষ হবে ভারতের মোহন বাগান ও নেপালের মাচ্চিন্দ্রার মধ্যে জয়ী দল। 

এই ম্যাচ সামনে রেখে গত শুক্রবার সিলেটে তাবু ফেলেছে ঈগলস। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পেয়েছে মালদ্বীপের লিগ রানার্সআপরা। অন্যদিকে ঢাকায় প্রস্তুতি সেরে সোমবার সিলেটে অনুশীলন করেছেন লেমোস।

দেনিয়েল কলিনদ্রেস সোলেরা চলে যাওয়ায় লেমোসকে আক্রমণভাগ নিয়ে ভাবতে হচ্ছে, যদিও ১০ জন বিদেশি বর্তমানে আছে তার হাতে। কিছুদিন আগে আবাহনী দলে ভিড়িয়েছে দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো মাতোস ও ফরোয়ার্ট জোনাথন রেইস। 

গত মৌসুমটা শিরোপাশূন্য কাটে আবাহনীর। মৌসুম শুরুর টুর্নামেন্ট স্বাধীনতা কাপে ‘আকাশি-নীল’ জার্সিধারীদের পথচলা থেমে যায় সেমি-ফাইনালে। ফেডারেশন কাপে হয় রানার্সআপ, প্রিমিয়ার লিগও তারা শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। আড়মোড়া ভেঙ্গে জেগে উঠতে এএফসি কাপের বাছাইয়ের ম্যাচে তাই ভালো কিছু পেতে মরিয়া লেমোস। 

গত মৌসুমে লিগে এই মাঠই ছিল আবাহনীর হোম ভেন্যু। ফলে এ মাঠ রহমত-জীবনদের হাতের তালুর মতো চেনা। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে লেমোসও জানালেন ঘরের মাঠে খেলা-এমনটাই অনুভব করছেন তিনি। 

“ফুটবল ইনডোর গেমস নয়। আমরা গরমে খেলতে পারি…বাংলাদেশে আমরা সব ধরণের আবহাওয়াই পাই, বৃষ্টি, গরম, এখানে আমরা তুষারপাত পাই না, যেটা আমরা ইউরোপে পাই…এটাই ফুটবলের সৌন্দর্য যে, যেকোনো কন্ডিশনে খেলা যায়। এ নিয়ে কোনো অজুহাত নেই।” 

“যদি বৃষ্টি হয়, বৃষ্টির মধ্যে খেলব; যদি বৃষ্টি না হয়, তাহলেও খেলব এবং মূল লক্ষ্য হচ্ছে ম্যাচটি জেতা; এ জন্য আমরা সর্বোচ্চটুকু দিব। যদি ‍ভারি বৃষ্টি হয়, তাহলে হয়ত সুন্দর ম্যাচ হবে না। কিন্তু এটা সুন্দর ম্যাচের বিষয় নয়, মূল বিষয় হচ্ছে জিতে পরের ধাপে যাওয়া। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত মৌসুমেও সিলেটে আমাদের হোম ভেন্যু ছিল। কন্ডিশন যাই হোক, উই ফিল অ্যাট হোম।”

ঈগলসকে কঠিন প্রতিপক্ষ মানছেন লেমোস। জয়ের চাওয়া পূরণে ম্যাচের পরিস্থিতি ও প্রয়োজন বুঝে খেলার লক্ষ্য জানালেন তিনি।

“আক্রমণে ঈগলস খুবই শক্তিশালী, ওদের আক্রমণভাগে মানসম্পন্ন খেলোয়াড় আছে। ওরা মালদ্বীপের লিগের রানার্সআপ। তাদের বিপক্ষে ফল পাওয়াকেই প্রাধান্য দিচ্ছি এবং পরিস্থিতি অনুযায়ী আমাদের আক্রমণ এবং আরও বেশি সুযোগ তৈরি ও গোল করার চেষ্টা করতে হবে।”