০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মৌসুম শেষ মার্তিনেসের

ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারের পাশাপাশি অন্তত কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন আরেক ডিফেন্ডার রাফায়েল ভারানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 09:55 AM

Updated : 15 Apr 2023, 02:41 PM

প্রতিপক্ষের দুজনের কাঁধে ভর দিয়ে যখন মাঠ ছাড়ছিলেন লিসান্দ্রো মার্তিনেস, চোট গুরুতর মনে হচ্ছিল তখনই। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। মৌসুমের বাকি সময়টায় আর মাঠে নামতে পারবেন না ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

ইউনাইটেডের দুঃসংবাদের শেষ নয় এখানেই। বেশ কিছুদিনের জন্য তারা পাবে না রক্ষণের আরেক নির্ভরতা রাফায়েল ভারানেকেও। অন্তত কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই ফ্রেঞ্চ ডিফেন্ডার।

গত বৃহস্পতিবার ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে চোট পান এই দুজন। ম্যাচের ৮৬তম মিনিটে প্রতিপক্ষের দুজনের মধ্য দিয়ে বল কাটিয়ে নেওয়ার সময় হুট করেই পা চেপে ধরে পড়ে যান মার্তিনেস। দ্রতই তাকে মাঠের বাইরে নিয়ে যান সেভিয়ার দুই আর্জেন্টিনার ফুটবলার মার্কোস আকুনা ও গনসালো মন্তিয়েল।

ম্যাচের পরই ইউনাইটেড কোচ এরিক টেন হাগ বলেছিলেন, চোটের ধরন তাদের কাছে ভালো মনে হচ্ছে না। পরীক্ষার পর সেটিই নিশ্চিত হওয়া গেল। নতুন মৌসুমের আগে তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করছে ক্লাব।

এই মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর দ্রুত রক্ষণে নিজের আলাদা জায়গা করে নেন মার্তিনেস। ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে জেতেন বিশ্বকাপও। তবে ২৫ বছর বয়সী ডিফেন্ডারের মৌসুম শেষ হলো হতাশায়। পরে ইউনাইটেডের হয়ে জেতেন লিগ কাপের শিরোপা। সব মিলিয়ে নতুন ক্লাবের হয়ে প্রথম মৌসুমে ৪৫ ম্যাচ খেলেন তিনি।

সেভিয়ার বিপক্ষে ওই ম্যাচেই চোটের কারণে প্রথমার্ধের পর ভারানের বদলি নামানো হয়। তার চোটের বিস্তারিত জানানো হয়নি ইউনাইটেডের বিবৃতিতে। স্রেফ তার কয়েক সপ্তাহ বাইরে থাকার কথাই বলা হয়েছে।

বিবৃতিতে দুজনেরই দ্রুত সুস্থতা কামনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।