১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘ফিলিপসের নিজেকে প্রমাণ করতে হবে’

ভালো খেললেই ইতিবাচক ফলাফল পাবেন ইংলিশ মিডফিল্ডার, বলেছেন ম্যানচেস্টার সিটি পেপ কোচ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2023, 04:52 PM

Updated : 06 May 2023, 05:16 PM

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত সময়টা ভালো যাচ্ছে না কেলভিন ফিলিপসের। দলে জায়গা পেতে মুখোমুখি হতে হচ্ছে তীব্র লড়াইয়ের। ইংলিশ মিডফিল্ডারকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ বাতলে দিয়েছেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটি কোচ বলেছেন, মাঠে নিজেকে প্রমাণ করতে হবে ফিলিপসের।

গত গ্রীষ্মের দলবদলে সিটিতে যোগ দেন ফিলিপস। এরপর থেকে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র ৮টি ম্যাচ খেলেছেন তিনি, যার সবগুলোই বদলি হিসেবে।

গত সেপ্টেম্বরে কাঁধের অস্ত্রোপচারের পর কিছুটা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। নভেম্বরে চোট কাটিয়ে মাঠে ফেরার পর থেকে খেলার সুযোগ পেতেই হিমশিম খেতে হচ্ছে ২৭ বছর বয়সী এই ফুটবলারকে। লিগে শীর্ষে থাকা সিটির মিডফিল্ডে অপরিহার্য হয়ে উঠেছেন রদ্রি। আবার রক্ষণ থেকে উপরে উঠে খেলছেন জন স্টোনস।

ফিলিপসের দলে অনিয়মিত হওয়ায় গুঞ্জন রয়েছে যে, আসছে গ্রীষ্মে ঠিকানা বদল করতে পারেন তিনি। গুয়ার্দিওলা এখনই সেই আলোচনায় যেতে চান না। লিগে শনিবার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে শিরোপাধারী সিটি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ বললেন, ভালো পারফরম্যান্সের কোনো বিকল্প নেই ফিলিপসের।

“এটা খেলোয়াড়দের ওপর নির্ভর করে। শেষ পর্যন্ত আমরা এখানে একসঙ্গেই আছি, আমি আমার প্রশ্ন ও ভাবনার ব্যাপারে সৎ থাকার চেষ্টা করি। তাদেরকে আমার আস্থা অর্জন করতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য, শুধু কেলভিন নয়, তারা সবাই কীভাবে পারফর্ম করবে সেটার ওপর সব নির্ভর করবে।”

“আমার মনোভাব মাঝে মাঝে বদলায়। তবে শেষ পর্যন্ত এটি খেলোয়াড়দের ব্যাপার, আমি কিছু বলছি বলে নয়, তাদের নিজেদের কাছে এবং দলের কাছে যোগ্যতা প্রমাণ করতে হবে।”

৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল আছে দুইয়ে, ৭৮ পয়েন্ট দলটির।