০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচেও পিএসজি দলে ‘থাকছেন না’ এমবাপে

দলবদলের সময় যত ফুরিয়ে আসছে ততই এমবাপে ও  পিএসজির মধ্যে জটিলতা বাড়ছে।

লিগ ওয়ানে প্রথম দুই ম্যাচেও পিএসজি দলে ‘থাকছেন না’ এমবাপে

পিএসজির অনুশীলনে কিলিয়ান এমবাপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 03:47 PM

Updated : 07 Aug 2023, 03:55 PM

একেকটি দিন অতিবাহিত হচ্ছে, আর পিএসজি শিবিরে কিলিয়ান এমবাপেকে ঘিরে নানামুখী শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। যেকোনো মূল্যে এই ফরাসি তারকাকে চলতি দলবদলেই বিক্রি করে দিতে চায় ক্লাবটি। কিন্তু সবার পক্ষে যায়, এমন যুতসই প্রস্তাব না মেলায় সমস্যা তীব্রতর হচ্ছে। কারণ, সময় যে ফুরিয়ে আসছে!

পিএসজি খুব করে চায় এমবাপেকে ধরে রাখতে, কিন্তু বিশ্বকাপ জয়ী এই তারকা অনেক আগে থেকে রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখছেন। গত বছর তো তার সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটিতে যোগ দেওয়া একরকম নিশ্চিতই হয়ে গিয়েছিল; কিন্তু নানা নাটকীয়তার পর শেষ মুহূর্তে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেন তিনি।

ওই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। চুক্তির মেয়াদ আর বাড়াবেন না বলে আগেই সাফ জানিয়ে দিয়েছেন এমবাপে। তাই এখনই তাকে বিক্রি না করতে পারলে আগামী বছর বিনামূল্যে ছেড়ে দিতে হবে। এতবড় আর্থিক ক্ষতি মানতে পারছে না পিএসজি। তাই এই গ্রীষ্মের দলবদলেই তাকে ছেড়ে দিতে চায় দলটি।

এজন্য এবারের প্রাক-মৌসুমের সফরেই ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে স্কোয়াডে রাখেনি পিএসজি। প্রস্তুতি পর্ব শেষে এবার প্রতিযোগিতামূলক ফুটবলে মাঠে নামার পালা। কদিন বাদে শুরু হতে যাচ্ছে লিগ ওয়ান, আগামী ১২ অগাস্ট লরিয়ঁর বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে প্যারিসের দলটি।

ফরাসি পত্রিকা লেকিপের খবর, কেবল লিগ ওয়ানের শুরুর ম্যাচ নয়, তুলুজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডেও এমবাপেকে রাখবে না পিএসজি।

আগামী ৩১ অগাস্ট শেষ হবে এবারের গ্রীষ্মের দলবদল।