২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

আক্রমণভাগে মেধাবী খেলোয়াড়ের অভাব ইতালির, বললেন মানচিনি

স্পেনের কাছে হেরে নেশন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর আক্রমণভাগের বিবর্ণতার বিষয়টি তুলে ধরলেন ইতালির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2023, 03:37 PM

Updated : 16 Jun 2023, 03:37 PM

শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত সামলে নিলেও শেষ রক্ষা হয়নি ইতালির। শেষ দিকে গোল হজম করে স্পেনের বিপক্ষে হেরে যায় তারা। ছিটকে যায় নেশন্স লিগের সেমি-ফাইনাল থেকে। দলের ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছেন রবের্তো মানচিনি। অন্যান্য পজিশনে মানসম্পন্ন খেলোয়াড় থাকলেও আক্রমণভাগে মেধাবী ফরোয়ার্ডের অভাব দেখছেন ইতালি কোচ। 

প্রতিযোগিতাটির তৃতীয় আসরের চার দলের এবারের ফাইনালসটি হচ্ছে নেদারল্যান্ডসে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে হেরে যায় ইতালি। 

আক্রমণাত্মক খেলা স্পেনকে প্রতি-আক্রমণে জবাব দিচ্ছিল ইতালি। কিন্তু সুযোগ তৈরি করতে গিয়ে ধুঁকছিল তারা। পরে বদলি নামা হোসেলুর ৮৮তম মিনিটের গোলে হার মানতে হয় তাদের। ম্যাচ শেষে ফরোয়ার্ডদের মলিনতার বিষয়টি উঠে আসে মানচিনির কথায়।

“এরই মধ্যে আমরা সবকিছু নতুনভাবে করতে শুরু করেছি এবং এভাবেই এগিয়ে যাব। এই ছেলেগুলো ভালো, কিন্তু …এ মুহূর্তে আমাদের দলে ভালো মিডফিল্ডার এবং ডিফেন্ডার আছে, কিন্তু মেধাবী ফরোয়ার্ডের ঘাটতি আছে। জানি না কেন।” 

গতবারও সেমি-ফাইনালেই স্পেনের কাছে হেরে নেশন্স লিগ থেকে বিদায় নিয়েছিল ইতালি। এবারও তার প্রতিশোধ নেওয়া হলো না তাদের। গত দুই বিশ্বকাপে মূল পর্বেই খেলতে পারেনি আজ্জুরিরা। ধারাবাহিক এত এত ব্যর্থতার মাঝে গত মার্চে ২০২৪ সালের ইউরোর বাছাইয়ে ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা। 

কক্ষপথে ফেরার আশাবাদ স্পেন ম্যাচের আগেই জানিয়েছিলেন মানচিনি। তিন সেন্টার-ব্যাক এবং দুই উইং-ব্যাক নিয়ে সাজানো ছক প্রথমার্ধে কাজও করছিল বেশ, কিন্তু বিরতির পর আর কাজ করেনি। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে হতাশ মানচিনি। 

“আমরা বিষয়গুলো ভিন্নভাবে সাজিয়েছিলাম এবং প্রথমার্ধে স্পেনের পাসিং লাইনের সুর কেটে দিয়ে কাজগুলো ভালোভাবেই করেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা খুব বেশিই বিবর্ণ হয়ে গিয়েছিলাম।”