২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউস-রদ্রিগোর গোলে রিয়ালের চারে চার

টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ জেতার পর এবার ঘরের মাঠে জিতল কার্লো আনচেলত্তির দল।

ভিনিসিউস-রদ্রিগোর গোলে রিয়ালের চারে চার

আসরে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন ভিনিসিউস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 10:19 PM

Updated : 03 Sep 2022, 11:28 PM

আক্রমণে রিয়াল মাদ্রিদ আধিপত্য করলেও বেশ ভালোই চ্যালেঞ্জ জানাল রিয়াল বেতিস। শুরুর পাল্টাপাল্টি দুই গোলের পর অনেকটা সময় প্রতিপক্ষের চাপ সামলে সমতা ধরে রাখল তারা। শেষ পর্যন্ত অবশ্য লিগ চ্যাম্পিয়নদের আটকাতে পারল না দলটি। ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর গোলে টানা চতুর্থ জয় নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনচেলত্তির দল।

লা লিগায় প্রথম তিন রাউন্ডের সবকটি প্রতিপক্ষের মাঠে খেলার পর শনিবার নিজ আঙিনায় ফেরে রিয়াল। ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখে তারা।

আগের তিন রাউন্ডে শতভাগ সফল ছিল বেতিসও। তাদের হারিয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল। চার ম্যাচে তাদের পয়েন্ট ১২। বেতিসের পয়েন্ট ৯।

সান্তিয়াগো বের্নাবেউয়ে কিছুটা ধীরগতিতে শুরু ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই দারুণ নৈপুণ্যে গোল আদায় করে নেন ভিনিসিউস। ডাভিড আলাবার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

আসরে এই নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন তিনি।

এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের। সাত মিনিট পরই পাল্টা জবাব দেয় বেতিস। সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে প্লেসিং শটে সমতা টানেন বোরহা ইগলেসিয়াস। এক্ষেত্রে অবশ্য কিছুটা দায় আছে গোলরক্ষক থিবো কোর্তোয়ার, তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায়।

Image

গোলের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উদযাপন 

পরের তিন মিনিটে নিশ্চিত দুটি সুযোগ নষ্ট হয় রিয়ালের। ১৮তম মিনিটে ছয় গজ বক্সে বল পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন ভিনিসিউস। এরপর অহেলিয়া চুয়ামেনির জোরাল হেড অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক রুই সিলভা।

প্রবল চাপ তৈরি করা রিয়াল টানা আক্রমণ করতে থাকে। খানিক পর পেয়ে যায় আরেকটি সুবর্ণ সুযোগও। কিন্তু এবার বাঁ থেকে ভিনিসিউসের পাস বক্সে পেয়ে আট গজ দূর থেকে উড়িয়ে মারেন করিম বেনজেমা। বিরতির আগ পর্যন্ত এভাবেই আক্রমণ করে যায় তারা; তবে সাফল্যের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আবারও রিয়াল শিবিরে যোগ হয় সহজ নিশ্চিত সুযোগ হারানোর হতাশা। ডান দিক থেকে রদ্রিগোর গোলমুখে বাড়ানো পাসে স্লাইড শট নেওয়ার চেষ্টা করে পারেননি বেনজেমা, তারপরও বল তার পায়ে লেগে লক্ষ্যেই ছিল। শেষ মুহূর্তে গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার আলেক্স মোরেনো।

পরের মিনিটেই পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় বেতিস। তবে এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন স্প্যানিশ ফরোয়ার্ড হুয়ানমি।

অবশেষে ৬৫তম মিনিটে অপেক্ষা শেষ হয় রিয়ালের। আগের মিনিটেই কামাভিঙ্গার বদলি নামা মিডফিল্ডার ফেদে ভালভেরদের বাইলাইন থেকে বাড়ানো কাটব্যাক বক্সে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে দলকে আবারও এগিয়ে নেন রদ্রিগো।

মৌসুমে তরুণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটা প্রথম গোল।

বাকি সময়েও লড়াইটা চলে প্রায় একই গতিতে। আক্রমণ করতে থাকে রিয়াল, দু-একবার ভীতি ছড়ায় বেতিস; কিন্তু গোলের দেখা মেলেনি। ৭০তম মিনিটে রদ্রিগোর ভলি পোস্টে বাধা পেলে ব্যবধান আর বাড়েনি।

বল দখলে প্রায় সমতার ম্যাচে আক্রমণে একচেটিয়া দাপট দেখায় রিয়াল। ম্যাচ পরিসংখ্যানেও তা স্পষ্ট; গোলের উদ্দেশ্যে ২২টি শট নেয় তারা, যদিও মাত্র চারটি রাখতে পারে লক্ষ্যে। আর বেতিসের আট শটের চারটি থাকে লক্ষ্যে।

চার ম্যাচে ১১টি গোল করল রিয়াল। তবে এর মাঝে দুশ্চিন্তার জায়গাও আছে। কোনো ম্যাচেই জাল অক্ষত রাখতে পারেনি তারা, প্রতি ম্যাচেই হজম করেছে একটি করে গোল।

তাই দল জয়ের ধারায় থাকলেও রক্ষণ দৃঢ় করতে চটজলদি পরিকল্পনা করতে হবে কোচ আনচেলত্তিকে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরুর দিনে আগামী মঙ্গলবার সেল্টিকের মাঠে খেলবে শিরোপাধারীরা।