পর্তুগালের দায়িত্বে মার্তিনেস
এই স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তির ব্যাপারে বিস্তারিত জানায়নি পর্তুগাল ফুটবল ফেডারেশন।
কদিন ধরে শোনা যাচ্ছিল পর্তুগালের দায়িত্ব নিতে পারেন রবের্তো মার্তিনেস। সেটাই সত্যি হলো। পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) এই স্প্যানিশ কোচের হাতে তুলে দিল দলের হাল।
এফপিএফ সভাপতি ফের্নান্দো গোমেস সোমবার মার্তিনেসকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে এই স্প্যানিশ কোচের দায়িত্ব নেওয়াটা পর্তুগাল জাতীয় দলের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে মন্তব্য করেন তিনি।
কাতার বিশ্বকাপের পর থেকে দলগুলো নানা বাঁকবদলের মধ্য দিয়ে যাচ্ছে। মার্তিনেস ছেড়েছেন বেলজিয়ামের কোচের দায়িত্ব। গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় দলটি।
২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেন মার্তিনেস। তবে এবার কাতার বিশ্বকাপ শেষের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগাম ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। এমনকি বেলজিয়াম বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ছয় বছরের সম্পর্ক চুকেবুকে দেবেন, এমনটা বলেছিলেন মার্তিনেস।
গ্রুপ পর্ব থেকে বেলজিয়াম বিদায় নেওয়ায় দলটির কোচ হিসেবে মার্তিনেসের সময়ও ফুরায়। যদিও ৪৯ বছর বয়সী এই কোচের হাত ধরে দারুণ অর্জন আছে দলটির। মার্তিনেসই বেলজিয়ামকে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে তুলেছিলেন। ২০১৮ বিশ্বকাপে তার হাত ধরে দলটি তৃতীয় হয়। যদিও উচ্চাশা নিয়ে কাতারে এলেও তা পূরণ হয়নি।
কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে কোয়ার্টার-ফাইনালে হারে পর্তুগিজরা। ফলে ফের্নান্দো সান্তোসকেও সরে যেতে হয়। সেই থেকে পর্তুগালও ছিল কোচের খোঁজে।
২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর সান্তোসের কোচিংয়ে নিজেদের ইতিহাসে সেরা সাফল্য পায় পর্তুগাল। ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ ও উয়েফা নেশন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের শিরোপা জেতে।
কিন্তু কাতার বিশ্বকাপে তার কৌশল প্রবল সমালোচনার মুখে পড়ে। বিশেষ করে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখাসহ ড্রেসিং রুমের অস্থিরতার ইস্যুতে চাপের মুখে ছিলেন সান্তোসে। ১০৯ ম্যাচ দায়িত্বে থাকা এই কোচকে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়।
