২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জয়ের আলোয় লরিয়াসের মঞ্চেও সেরা মেসি

আর্জেন্টাইন মহাতারকা ক্যারিয়ারে দ্বিতীয়বার জিতলেন ক্রীড়াঙ্গনের সম্মানজনক পুরস্কার লরিয়াস অ্যাওয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 12:16 AM

Updated : 09 May 2023, 12:58 AM

স্বপ্নের বিশ্বকাপ জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন লিওনেল মেসি। একটি ছাড়া গোল করেন আসরের বাকি সব ম্যাচে। ফাইনালেও টাইব্রেকারে প্রথম শটে বল জালে পাঠিয়ে বেঁধে দেন সুর। আর্জেন্টিনার তিন যুগের আর নিজের আজন্ম অপেক্ষার ইতি টেনে কাতার বিশ্বকাপে চুমু আঁকেন সোনালি ট্রফিতে। দুর্দান্ত সেই পারফরম্যান্সে তার অর্জনের ঝুলিতে জমা পড়ল আরও একটি বড় পুরস্কার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জিতলেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড।

ক্রীড়াঙ্গনের সম্মানজনক এই পুরস্কারের নারী বিভাগের বর্ষসেরা হয়েছেন জ্যামাইকান স্প্রিন্টার শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।

ফ্রান্সের প্যারিসে সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে আর্জেন্টিনা।

ফুটবলারদের মধ্যে একমাত্র মেসি জিতেছেন এই পুরস্কার। ২০২০ সালে তিনি পুরুষ বিভাগে যুগ্মভাবে সেরা হয়েছিলেন লুইস হ্যামিল্টনের সঙ্গে। এবার জিতে আরেকটি অনন্য অর্জন ধরা দিল আর্জেন্টাইন মহাতারকার হাতে। ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদ তিনিই।

Image

লরিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রী আন্তোনেল্লা রোকুস্সোর সঙ্গে লিওনেল মেসি।

আবার লরিয়াস অ্যাওয়ার্ড জিতে আপ্লুত মেসি ধন্যবাদ দিলেন সতীর্থদের।

“এটা বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা ২০২১ সালে এখানে আসার পর আমাদের সাদরে গ্রহণ করেছে।”

“আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও। এর কিছুই আমি একা অর্জন করতে পারতাম না। এদের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ।”