‘বিপজ্জনক’ আতলেতিকোর বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় শাভি
বার্সেলোনা কোচের চোখে এই মুহূর্তে লা লিগার সেরা দল আতলেতিকো মাদ্রিদ।
হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছে বার্সেলোনা। জয় ও গোলের দেখা নেই টানা তিন ম্যাচে। তাদের আসছে ম্যাচের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ ছুটছে দুর্বার গতিতে। দিয়েগো সিমেওনের দলকে নিয়ে তাই খুব সতর্ক শাভি এর্নান্দেস। বার্সেলোনা কোচের মতে, এই ম্যাচে কঠিন লড়াই অপেক্ষা করছে।
লা লিগার ম্যাচে রোববার কাম্প নউয়ে আতলেতিকোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।
লিগে নিজেদের সবশেষ দুই ম্যাচে কাতালান দলটি গোলশূন্য ড্র করে জিরোনা ও গেতাফের সঙ্গে। তার আগে কোপা দেল রের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা হেরে যায় ৪-০ গোলে।
অন্যদিকে আতলেতিকো লিগে তাদের সবশেষ ছয় ম্যাচেই জিতেছে। শনিবারের সংবাদ সম্মেলনে মাদ্রিদের দলটি ও তাদের কোচের উচ্ছ্বসিত প্রশংসা করেন শাভি।
“তারা দুর্দান্তভাবে উঠে এসেছে এবং তারা খুব বিপজ্জনক। সিমেওনে বেঞ্চ থেকে অনেক শক্তি জোগাতে পারে। তারা একটি পরিবারের মতো। আতলেতিকো সবকিছু করতে পারে।”
"আগামীকাল লড়াইটা কঠিন হবে, আতলেতিকো এই মুহূর্তে লিগের সেরা দল। তারা এই মুহূর্তে লা লিগায় সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল।”
লিগে ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শাভির দল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ৬০ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।
