‘আমি যে কোনো আর্জেন্টাইনের স্বপ্নের জায়গায় আছি’
চুক্তি নবায়নের ব্যাপারে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ স্কালোনি।
আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্বে রাখতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এখনও যদিও নতুন চুক্তিতে সই করেননি স্কালোনি, তবে চুক্তি নবায়নের বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ। এখনও বিশ্ব জয়ের রোমাঞ্চে বুঁদ হয়ে আছেন তিনি।
স্কালোনির হাত ধরেই ঘুচেছে বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা। গত মাসে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হয় গত ৩১ ডিসেম্বর। বিশ্বকাপের আগে গত সেপ্টেম্বরে এএফএ সভাপতি ক্লাদিও তাপিয়া টুইট করে বলেছিলেন, স্কালোনিকে ২০২৬ আসর পর্যন্ত রেখে দিতে চান তারা। বিশ্বকাপ জয়ের পর তিনি জানান, নতুন চুক্তির ব্যাপারে দুই পক্ষ মৌখিকভাবে রাজি হয়েছে।
বিশ্বকাপ জেতায় স্কালোনিকে শনিবার বীরোচিত সংবর্ধনা দেয় তার খেলোয়াড়ী জীবনের সাবেক ক্লাব রিয়াল মায়োর্কা। সেখানে ভবিষ্যৎ প্রসঙ্গে কথা বলেন ৪৪ বছর বয়সী কোচ। যদিও চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
"আমি যে কোনো আর্জেন্টাইনের স্বপ্নের জায়গায় আছি। আমরা এটি (চুক্তি নবায়ন) নিয়ে কাজ করছি। বিশ্বকাপ জয়ের পর আমি অবিশ্বাস্য জায়গায় আছি।”
২০১৪ বিশ্বকাপ ফাইনাল ও পরের দুই বছরের দুটি কোপা আমেরিকার ফাইনালে হারের পর ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়-ওই সময়ের এলোমেলো দলটির হাল ধরেছিলেন স্কালোনি। প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এবং পরের বছর স্থায়ী চুক্তিতে।
এর আগে যার কখনও কোনো দলের প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা ছিল না, তার হাতে আর্জেন্টিনা দলের মতো এত বড় দায়িত্ব দেওয়ায় তখন সমালোচনাও হয়েছিল অনেক।
সেই স্কালোনির কোচিংয়েই ২০২১ সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা, শেষ হয় আন্তর্জাতিক ফুটবলে দেশটির ২৮ বছরের শিরোপা খরা। পরে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে স্কালোনির দল জিতে নেয় ফিনালিস্সিমা নামের আরেকটি ট্রফি। সবচেয়ে বড় সাফল্যটা আসে কাতারে, বিশ্বকাপ জয়।
