২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শকদের ‘সমাজ-বিরোধী আচরণের’ বিরুদ্ধে কঠোর অস্ট্রেলিয়া

নিষেধাজ্ঞা পেতে পারে সিডনি ইউনাইটেড ও ক্লাবের নির্দিষ্ট কিছু সমর্থক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2022, 04:20 PM

Updated : 02 Oct 2022, 04:20 PM

অস্ট্রেলিয়া কাপ ফাইনালে দর্শকদের ‘সমাজ-বিরোধী আচরণের’ বিরুদ্ধে যত দ্রুত সম্ভব দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফুটবল অস্ট্রেলিয়া। 

ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে গত শনিবার ম্যাকআর্থার এফসি ও সিডনি ইউনাইটেড ৫৮ ফাইনালে মুখোমুখি হয়। গ্যালারিতে ১৬ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে সিডনি ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ম্যাকআর্থার। 

অস্ট্রেলিয়ার গণমাধ্যমের খবর, ‘ওয়েলকাম টু কান্ট্রি’ অনুষ্ঠানের সময় দর্শকরা দুয়ো দেয়। সিডনি ইউনাইটেড সমর্থকদের ‘নাজি স্যালুট’ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

‘অল্প কিছু দর্শকের’ এমন আচরণের নিন্দা জানিয়ে বুধবার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে ফুটবল অস্ট্রেলিয়া। 

“ফুটবল অস্ট্রেলিয়া আজ ভিডিও ফুটেজ এবং ছবি পরীক্ষা করছে যা আমাদের সংস্থা এবং বৃহত্তর অস্ট্রেলিয়ান ফুটবল সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়, যার মধ্যে ছিল ‘হিটলার স্যালুট’ প্রদর্শন করা।” 

“চিহ্নিত কোনো সমাজ-বিরোধী আচরণের বিরুদ্ধে দৃঢ় ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে কমব্যাঙ্ক স্টেডিয়াম এবং নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে ফুটবল অস্ট্রেলিয়া। যে আচরণগুলো নিউ সাউথ ওয়েলস রাজ্যেও অবৈধ হতে পারে।” 

সিডনি ইউনাইটেডের সমর্থকদের আচরণ নিয়ে ক্লাবটির সঙ্গে আলোচনা করবে ফুটবল অস্ট্রেলিয়া। নির্দিষ্ট কিছু সমর্থক ও ক্লাবকে এর জন্য নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে। 

সিডনি ইউনাইটেড ও অস্ট্রেলিয়ার সাবেক ফুটবলার ক্রেইগ ফস্টার টুইটে লিখেন, “ক্লাবসহ সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে।”