২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাজাক্সকে উড়িয়ে সুপার সিক্স শুরু মোহামেডানের

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসিকে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2024, 07:34 PM

Updated : 05 Apr 2024, 07:34 PM

প্রথম কোয়ার্টারের পর মোহামেডানের দাপুটে হকির সামনে ভেঙে পড়ল অ্যাজাক্সের প্রতিরোধ। বড় জয় দিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সে যাত্রা শুরু করল সাদাকালো জার্সিধারীরা। 

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার ৯-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে মোহামেডান। লিগের প্রথম পর্বে খেলায় অ্যাজাক্সকে ৫-৩ গোলে হারিয়েছিল তারা। 

এ ম্যাচে অবশ্য দারুণ শুরু পেয়েছিল অ্যাজাক্সই। দ্বিতীয় মিনিটে শিমুল খানের ফিল্ড গোলে এগিয়ে যায় তারা। এরপর থেকে অ্যাজাক্সের গোলমুখে তাণ্ডব শুরু মোহামেডানের। আক্রমণের জোয়ার বইয়ে দিয়ে একের পর এক গোল তুলে নিতে থাকে দলটি। 

প্রথম কোয়ার্টারেই ফিতফি বিন সারি সমতা ফেরানোর পর দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে এগিয়ে যায় মোহামেডান। এরপর ২২, ২৭ ও ৩৯তম মিনিটে টানা তিন গোল করে হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন মালয়েশিয়ান খেলোয়াড় ফায়জাল বিন সারি। ৪৩তম মিনিটে ফাইজ জেলমি বিন জালি ও শহীদুল হক সৈকতের গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় তারা। 

চতুর্থ ও শেষ কোয়ার্টারে মেহেদী হাসান অভির ফিল্ড গোলে স্কোরলাইন ৮-১ করে নেয় মোহামেডান। ৫৮তম মিনিটে শিলহেইবা লিশাম ব্যবধান একটু কমানোর পরের মিনিটে মোহামেডান অধিনায়ক রাসেল মাহমুদ জিমি পেনাল্টি স্ট্রোক থেকে গোলদাতার খাতায় তুলেন নিজের নাম।