১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলে অস্ত্র চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

গাজার রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলা ঠেকাতে গত সপ্তাহে দেশটিতে বোমার একটি চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার।

ইসরায়েলে অস্ত্র চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স।

বিডিনিউজ২৪

রয়টার্স

Published : 11 Feb 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ইসরায়েলে অস্ত্রের একটি চালান গত সপ্তাহে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলের আক্রমণের তোড়জোড়ের বিরোধিতা করে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার এ খবর জানিয়েছেন।

রাফায় ইসরায়েলের সর্বাত্মক হামলা ঠেকানোর চেষ্টা করছেন বাইডেন। গাজায় চলমান যুদ্ধে প্রাণ বাঁচাতে হাজার হাজার ফিলিস্তিনি অন্যান্য জায়গা থেকে সরে গিয়ে আশ্রয় নিয়েছে এই নগরীতে।

নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বলেছেন, রাফায় আক্রমণ চালানোর জন্য ইসরায়েলি নেতারা সিদ্ধান্ত নেওয়ার দিকে এগুচ্ছেন বলে মনে হচ্ছে। “তাই ইসরায়েলকে  বিশেষ অস্ত্র দেওয়ার প্রস্তাবটি আমরা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখতে শুরু করেছি।

“সেই পর্যালোচনার ফলস্বরূপ আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এই চালানে ছিল ১,৮০০ টি ২,০০০ হাজার পাউন্ড (৯০৭ কেজি) এবং ১,৭০০ টি ৫০০ (২২৭ কেজি) পাউন্ড ওজনের বোমা।

“আমরা বিশেষ করে ২ হাজার পাউন্ড ওজনের বোমার ব্যবহার এবং গাজার অন্যান্য অংশে ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় এর প্রভাবের বিষয়টি মাথায় রেখেছি।এ চালান কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সে বিষয়ে আমরা এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেইনি”, বলেন তিনি।

চারটি সূত্র জানিয়েছে,চালানটি অন্তত দুই সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এ চালানে বোয়িংয়ের তৈরি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন ( জেডিএএম )’ও রয়েছে, এই স্যাটেলাইট-নির্দেশিত ‘স্মার্ট’ বোমা যে কোনও আবহাওয়ায় নির্ভুলভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম।

এমন সময় এ অস্ত্রের চালান স্থগিত করা হল যখন রাফায় আশ্রয় নিয়ে থাকা ফিলিস্তিনিদের সুরক্ষা ব্যবস্থা না হওয়া পর্যন্ত সেখানে ইসরায়েলকে তাদের পরিকল্পিত আক্রমণ পিছিয়ে দিতে প্রকাশ্যে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।