‘রেফারিও মানুষ, তারও ভুল হতে পারে’
মাদ্রিদ ডার্বিতে রেফারি কিছু ভুল করেছে মনে করলেও, সেসব নিয়ে খুব একটা গভীরে যেতে চান না রেয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে।
মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বির রেফারিং নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে ম্যাচের পরই ক্ষোভ উগড়ে দেন রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়ো। এবার দলটির ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও বললেন, রেফারি ভুল করেছেন। তবে সেগুলোকে তার মানবিক ভুল হিসেবেই দেখছেন এই ফরাসি তারকা।
নগরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মাঠে রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে হারে রেয়াল মাদ্রিদ।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মরিনিয়ো বলেন, দুটি ঘটনায় আতলেতিকোর খেলোয়াড়দের লাল কার্ড পাওয়া উচিত ছিল। ওই দুটি ঘটনার প্রিন্ট করা ছবিও তুলে ধরেন তিনি।
পরদিন স্প্যানিশ পত্রিকা ‘এএস’-এর সঙ্গে আলাপে রেফারিং নিয়ে প্রশ্ন করা হয় এমবাপেকে। তিনি যদিও খুব একটা গভীরে যেতে চাননি এবং রেফারিকে কাঠগড়ায় দাঁড় করাননি।
“খেলোয়াড় হিসেবে আমি কখনোই রেফারিকে নিয়ে খুব একটা কথা বলি না। আর এখন নতুন করে তা শুরুও করব না। আমার নিজস্ব কিছু ভাবনা আছে ঠিকই, কিন্তু সেগুলো আমি নিজের কাছেই রাখি… রেফারিও মানুষ, তারও ভুল হতে পারে এবং কিছু ভুল হয়েছেও। তবে সেসব নিয়ে বিস্তারিত আলোচনায় যেতে চাই না আমি।”
ডার্বিতে পরাজয়কে দলের জন্য এক ধাপ পিছিয়ে যাওয়া হিসেবে দেখছেন ২৭ বছর বয়সি এমবাপে।
“হ্যাঁ, (হারটা) এক ধাপ পিছিয়ে যাওয়া। পরিস্থিতিটা বেশ কঠিন; আমরা জিততে চেয়েছিলাম এবং জানতাম কেমন ম্যাচ হতে যাচ্ছে। তবে দল সর্বস্ব উজাড় করে দিয়েছে। এখন আমাদের সামনে তাকাতে হবে, কারণ মৌসুমের অনেকটা পথ এখনও বাকি এবং আমাদের সঠিক পথে এগিয়ে যেতে হবে।”
দলের ঘুরে দাঁড়ানোর জন্য কী প্রয়োজন, সে বিষয়েও নিজের মতামত জানান বিশ্বকাপজয়ী এই তারকা।
“আমাদের আরও কঠোর পরিশ্রম এবং আরও বেশি কিছু করতে হবে। অন্যরা কথা বলতেই পারে, কিন্তু রেয়াল মাদ্রিদে সেই উন্মাদনা ও ট্রফি ফিরিয়ে আনতে আমাদেরই আরও বেশি কাজ করতে হবে।”
লা লিগায় সাত রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রেয়াল মাদ্রিদ। তাদের চেয়ে এক পয়েন্ট করে বেশি নিয়ে রেয়াল বেতিস তিনে ও আতলেতিকো মাদ্রিদ দুইয়ে আছে।
আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা।
