২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

তেবাসের ‘অসহনীয়’ মন্তব্যের পর লা লিগা সভাপতি পরিবর্তনের ডাক রেয়াল মাদ্রিদের

জরুরিভিত্তিতে লা লিগায় ‘নিরপেক্ষ নেতৃত্ব’ দাবি করেছে ইউরোপের সফলতম ক্লাবটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 01:13 AM

Updated : 23 Sep 2026, 01:13 AM

রেয়াল মাদ্রিদকে নিয়ে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি। লিগ প্রধানের পদে জরুরিভিত্তিতে নতুন কাউকে আনা উচিত বলে মনে করছে তারা।

লা লিগায় গত রোববার আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারের পর, রেয়াল তাদের ওয়েবসাইটের ম্যাচ রিপোর্টের শিরোনাম করে: ‘বাজে রেফারিং ডার্বির ভাগ্য নির্ধারণ করেছে।’

ম্যাচের পর সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন দলটির কোচ জুজে মরিনিয়ো। প্রথমার্ধে জুড বেলিংহ্যামের পা মাড়িয়েও ক্রিস্তিয়ান রোমেরোর লাল কার্ড না পাওয়া এবং পরে ফেদেরিকো ভালভের্দেকে করা লি কাং-ইনের কড়া একটি ট্যাকল নিয়ে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বিতর্কিত ঘটনা দুটির প্রিন্ট করা ছবিও নিয়ে যান পর্তুগিজ কোচ।

বাকি দলগুলোর সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়া হচ্ছে না, এমন অভিযোগও তোলেন মরিনিয়ো।

রেফারির অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলে রেফারিং কমিটিরও তীব্র সমালোচনা করেন এই পর্তুগিজ কোচ।

লিগের সাত রাউন্ড শেষে শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে রেয়াল চতুর্থ স্থানে রয়েছে।

দলটির রেফারিং সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগকে তাদের মাঠের ব্যর্থতা আড়ালের কৌশল বলে অভিহিত করেন লা লিগা সভাপতি তেবাস।

সামাজিক মাধ্যমে মঙ্গলবার তিনি লেখেন, “রেফারিদের রেয়াল মাদ্রিদের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, এমন দাবি করাটা আসলে অন্য এক জগতে বাস করার মতো।

“মাঠে যা কিছু হচ্ছে, তার ব্যাখ্যা দেওয়ার চেয়ে একটা ষড়যন্ত্রের কথা বলাই সহজতর।”

জবাবে একই দিন রেয়াল তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে তেবাসের মন্তব্যের নিন্দা জানিয়ে লা লিগার নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছে।

“আমাদের ক্লাব মনে করে, লা লিগা সভাপতির নিজের প্রাতিষ্ঠানিক পদ ব্যবহার করে রেয়াল মাদ্রিদকে ক্রমাগত হেয় করা ও আক্রমণ করাটা অসহনীয়।

“তার এই অনুপযুক্ত ও ধারাবাহিক আচরণের প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি, স্পেনের পেশাদার ফুটবল প্রতিযোগিতার জন্য জরুরিভিত্তিতে এমন একজন নেতা প্রয়োজন, যিনি নিরপেক্ষভাবে মৌলিক দায়িত্ব পালন করে প্রতিযোগিতাটি পরিচালনা করতে এবং এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারবেন।”

এ বিষয়ে লা লিগার মন্তব্য জানতে চেয়েছে রয়টার্স।

নিজেকে রেয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া তেবাস ২০১৩ সাল থেকে লা লিগা সভাপতির দায়িত্বে আছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি চতুর্থ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং তার বর্তমান মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে রেয়ালের সঙ্গে মতপার্থক্যের বিষয়ে নিয়মিতই সোচ্চার দেখা গেছে তেবাসকে। পাশাপাশি গত কয়েক বছরে লা লিগা ও ক্লাবটি আইনি লড়াইয়েও জড়িয়ে পড়েছে।