এমবাপের মন্তব্যের জেরে রেয়াল মাদ্রিদের ম্যাচ দেখাল না চীন
মাও জে দংকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য কিলিয়ান এমবাপে ক্ষমা চাওয়ার পরও চীনে অবস্থার পরিবর্তন ঘটেনি।
চীনের প্রয়াত নেতা মাও জে দংকে নিয়ে কিলিয়ান এমবাপের মন্তব্যের আঁচ লেগেছে তার ক্লাব রেয়াল মাদ্রিদের গায়েও। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি রোববার স্প্যানিশ ক্লাবটির লা লিগা ম্যাচটি সম্প্রচার করেনি।
এ দিন রেসিং সান্তান্দারের মাঠে ম্যাচটি ৩-০ গোলে জেতে রেয়াল। সিসিটিভির দুটি স্পোর্টস চ্যানেলের কোনোটিতেই ম্যাচটি দেখানো হয়নি।
অবশ্য লা লিগার ১১তম রাউন্ডের অন্য কোনো ম্যাচও এখন পর্যন্ত চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়নি।
গত সোমবার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমবাপেকে বলতে শোনা যায়, “যে মিমটি আমাকে সবচেয়ে বেশি হাসায়, সেটি হলো এমন একটি ভিডিও যেখানে একজন ব্যক্তিকে দেখা যায়-আমার মনে হয় তিনি একজন চীনা স্বৈরশাসক...।”
তিনি যখন কথাটি বলছিলেন, তখন পর্দায় মাও জে দংয়ের ছবির ওপর এমবাপের মুখ বসানো একটি মিম ভেসে ওঠে।
এর পরিপ্রেক্ষিতে ফরাসি তারকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে বেশ কয়েকটি চীনা ব্র্যান্ড। সিসিটিভি কর্তৃপক্ষ জানায়, তারা লা লিগার সম্প্রচার বন্ধ রাখবে।
ওই মন্তব্যের জন্য পরবর্তীতে এমবাপে, রেয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা খেলোয়াড়ের এই ক্ষমা প্রার্থনাকে ‘গুরুত্বের সঙ্গে’ নিয়েছে।
সপ্তাহান্তের আগে এএফপির প্রশ্নের উত্তরে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছিল, আগে চীনের টেলিভিশন চ্যানেলগুলোতে সব ম্যাচই সরাসরি সম্প্রচার করা হতো; তবে ঠিক কোন প্ল্যাটফর্মে সেগুলো দেখানো হতো, সেটা তারা উল্লেখ করেনি।
এএফপির সাংবাদিকরা দেখতে পান যে, চীনের রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক ‘চায়না মোবাইল’-এর মালিকানাধীন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘মিগু’-তে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এর মধ্যে শনিবার আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলে জয়ের ম্যাচও ছিল।
তবে রোববার ‘মিগু’-তেও রেয়াল মাদ্রিদের ম্যাচটি সম্প্রচার করা হয়নি।
সিসিটিভির তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান ‘চায়না মিডিয়া গ্রুপ’ জানায়, তারা সোমবার থেকে লা লিগা সম্প্রচার স্থগিত করার পদক্ষেপ নিয়েছে। তারা আরও বলে যে, এই বিতর্ক কাটিয়ে ওঠার জন্য লা লিগা, এমবাপে ও রেয়াল মাদ্রিদের পক্ষ থেকে ক্ষমা চাওয়াটা ছিল ‘অপরিহার্য পূর্বশর্ত।’
ইউরোপিয়ান ফুটবলের জন্য চীন একটি বিশাল বাজার। প্রিমিয়ার লিগের পাশাপাশি জার্মানি, ফ্রান্স ও ইতালির শীর্ষ লিগগুলোর ম্যাচও সম্প্রচার করে থাকে সিসিটিভি।
সামাজিক মাধ্যমে ভক্তরা প্রায়ই এমবাপের মুখমণ্ডল বিভিন্ন সামরিক ও রাজনৈতিক নেতার ছবির ওপর বসিয়ে মিম তৈরি করে। রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের ব্যাপক প্রভাবের কারণে তাকে ‘স্বৈরশাসক’ বলে ডাকা হয়, যা ইন্টারনেটে একটি জনপ্রিয় মিম বা কৌতুক হিসেবে প্রচলিত।
তবে তার মন্তব্যটি চীনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। সেখানে মাও জে দং কমিউনিস্ট পার্টির কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তাই তাকে নিয়ে কোনো ধরনের কৌতুক করাকে সেখানে নিষিদ্ধ বা অগ্রহণযোগ্য বলে মনে করা হয়। ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
রেয়াল মাদ্রিদের কোচ জুজে মরিনিয়ো শনিবার বলেন, বিতর্কটিকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য ক্লাবটি ‘তাদের পক্ষ থেকে যা করার, তা করেছে।’
