মাও জে দংকে নিয়ে মন্তব্য: কয়েকটি চীনা ব্র্যান্ডের চুক্তি হারালেন এমবাপে
‘স্বৈরশাসক’ সংক্রান্ত মন্তব্যের জেরে ফরাসি তারকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনা ব্র্যান্ডগুলো।
চীনের প্রয়াত নেতা মাও জে দংকে নিয়ে করা মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে বেশ কয়েকটি চীনা ব্র্যান্ড।
সোমবার অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমবাপেকে বলতে শোনা যায়, “যে মিমটি আমাকে সবচেয়ে বেশি হাসায়, সেটি হলো এমন একটি ভিডিও যেখানে একজন ব্যক্তিকে দেখা যায়-আমার মনে হয় তিনি একজন চীনা স্বৈরশাসক...।”
তিনি যখন কথাটি বলছিলেন, তখন পর্দায় মাও জে দংয়ের ছবির ওপর এমবাপের মুখ বসানো একটি মিম ভেসে ওঠে।
সামাজিক মাধ্যমে ভক্তরা প্রায়ই এমবাপের মুখমণ্ডল বিভিন্ন সামরিক ও রাজনৈতিক নেতার ছবির ওপর বসিয়ে মিম তৈরি করে। রেয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের ব্যাপক প্রভাবের কারণে তাকে ‘স্বৈরশাসক’ বলে ডাকা হয়, যা ইন্টারনেটে একটি জনপ্রিয় মিম বা কৌতুক হিসেবে প্রচলিত।
বার্তা সংস্থা রয়টার্স অবশ্য ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
তবে চীনে এই কৌতুকটি ভালোভাবে নেওয়া হয়নি। সেখানে মাও জে দং কমিউনিস্ট পার্টির কাছে অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। তাই তাকে নিয়ে কোনো ধরনের কৌতুক করাকে সেখানে নিষিদ্ধ বা অগ্রহণযোগ্য বলে মনে করা হয়। ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
চীনের সামাজিক মাধ্যম ‘উইবো’তে দেওয়া এক বিবৃতিতে পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ইস্ট্রক বেভারেজ’ জানিয়েছে, তারা ‘জাতীয় অনুভূতিতে আঘাত হানে এমন আচরণের’ তীব্র বিরোধিতা করে। উল্লেখ্য, কোম্পানিটি তাদের পানীয়ের বিজ্ঞাপনে এমবাপের ছবি ব্যবহার করত।
বিবৃতিতে আরও বলা হয়, “আজ থেকেই কিলিয়ান এমবাপের সঙ্গে আমাদের সব ধরনের সহযোগিতামূলক সম্পর্ক ছিন্ন করা হলো।”
রয়টার্স লিখেছে, এই বিষয়ে মন্তব্যের জন্য এমবাপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
গত মাসে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপে বলেছিলেন, এই ধরনের মিমের কিছু অংশ হয়তো নিছক মজার ছলে তৈরি, তবে তাকে ‘স্বৈরশাসক’ হিসেবে উপস্থাপন করা মিমগুলো ‘রাজনৈতিক ও মানবিক সচেতনতার অভাব’ তুলে ধরে।
দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘মেংনিউ’ ও ‘মিল্কগ্রাউন্ড’ও এমবাপের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে।
এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, যেসব কথা বা কাজ চীনা জনগণের অনুভূতিতে আঘাত দেয়, ‘স্বাভাবিকভাবেই চীনা সমাজের সব স্তরের মানুষ সম্মিলিতভাবে তার বিরোধিতা করবে।’
মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘দা পেপার’ জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন লা লিগা ও এমবাপে সংশ্লিষ্ট সব ম্যাচ ও ইভেন্টের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এছাড়া এমবাপে অভিনীত বা তাকে নিয়ে তৈরি সব বিজ্ঞাপনও সরিয়ে ফেলা হয়েছে।
এই বিষয়ে মন্তব্যের জন্য লা লিগা ও রেয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
