২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘রেফারিদের হয়রানি করা বন্ধ করুন’, মরিনিয়োকে আতলেতিকোর খোঁচা

রেফারিং নিয়ে রেয়াল মাদ্রিদ কোচের সমালোচনার পাল্টা জবাব দিতে অনেকটা তার পথই বেছে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

‘রেফারিদের হয়রানি করা বন্ধ করুন’, মরিনিয়োকে আতলেতিকোর খোঁচা

ছবি: আতলেতিকো মাদ্রিদ এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 01:00 AM

Updated : 22 Sep 2026, 01:00 AM

মাদ্রিদ ডার্বিতে রেফারিং নিয়ে জুজে মরিনিয়োর তীব্র সমালোচনার পাল্টা জবাব দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। অভিনব কায়দায় রেয়াল মাদ্রিদের উদ্দেশে রেফারিদের ‘হয়রানি’ বন্ধের আহ্বান জানিয়েছে ক্লাবটি।

লা লিগার ম্যাচে রোববার আতলেতিকোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে রেয়াল। এতে নগরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে জয়খরা আরও দীর্ঘ হয়েছে স্পেনের সফলতম দলটির।

হারের জন‍্য ‘রেফারির ভুলের’ দায় দিচ্ছেন রেয়ালের অনেকেই। ম্যাচ শেষে রেফারিং নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন মরিনিয়ো। প্রথমার্ধে জুড বেলিংহ্যামের পা মাড়িয়েও ক্রিস্তিয়ান রোমেরোর লাল কার্ড না পাওয়া এবং পরে ফেদেরিকো ভালভের্দেকে করা লি কাং-ইনের কড়া একটি ট্যাকল নিয়ে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বিতর্কিত ঘটনা দুটির প্রিন্ট করা ছবিও নিয়ে যান পর্তুগিজ কোচ।

মরিনিয়োর রেফারিং নিয়ে সমালোচনার জবাব দিতে একটি ছোট্ট ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে আতলেতিকো। সেখানে দেখা যাচ্ছে, প্রিন্ট হয়ে বের হচ্ছে একটি পোস্টার, যেখানে মেত্রোপলিতানোর সংবাদ সম্মেলনকক্ষে বসে আছেন রেয়াল কোচ, তার হাতে প্রিন্ট করা সেই বিতর্কিত ঘটনার ছবি।

আতলেতিকোর প্রিন্ট করা মরিনিয়োর ওই পোস্টারের নিচে লেখা, “রেফারিদের হয়রানি করা এখন বন্ধ করুন।”

মরিনিয়োর পর সংবাদ সম্মেলনে কক্ষে যান আতলেতিকোর কোচ দিয়েগো সিমেওনে। রেয়াল কোচের অভিযোগ নিয়ে তিনি বলেন, “সবকিছু মেনে নেওয়া যায় না। আপনার নাম মরিনিয়ো, ফ্লিক কিংবা সিমেওনে- যা-ই হোক না কেন, সীমা অতিক্রম করা গ্রহণযোগ্য নয়।”

ম্যাচে আতলেতিকোর কাউকে বহিষ্কার করা না হলেও, রেয়াল ডিফেন্ডার ডিন হাউসেনকে লাল কার্ড দেখানো হয়। বক্সের ভেতর জুলিয়ানো সিমেওনেকে ফাউল করেন তিনি। প্রথমে হলুদ কার্ড দেন রেফারি, পরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদল করেন।

সেই পেনাল্টি থেকে আতলেতিকোকে এগিয়ে নেন আলেহান্দ্রো গ্রিমাল্দো। প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগে ছয় মিনিট পর ব‍্যবধান দ্বিগুণ করেন জনাতেন ডেভিড। শেষ দিকে ব‍্যবধান কমান রেয়াল ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।

লা লিগায় সাত রাউন্ড শেষে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রেয়াল মাদ্রিদ। তাদের চেয়ে এক পয়েন্ট করে বেশি নিয়ে রেয়াল বেতিস তিনে ও আতলেতিকো মাদ্রিদ দুইয়ে আছে।

আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা।