২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানেকে আরও আত্মবিশ্বাসী দেখতে চান বায়ার্ন কোচ

নতুন ক্লাবে মানিয়ে নিতে সাবেক লিভারপুল তারকাকে সময় দিতে চান ইউলিয়ান নাগেলসমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2022, 04:24 PM

Updated : 14 Sep 2022, 04:24 PM

বায়ার্ন মিউনিখের জার্সিতে দুর্দান্ত শুরুর পর কয়েক ম্যাচ ধরে গোলের জন্য ধুঁকতে হচ্ছে সাদিও মানেকে। সবশেষ চার ম্যাচ জালের দেখা পাননি তিনি। এতে অবশ্য তেমন চিন্তিত নন দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান। তার মতে, নতুন ঠিকানায় ভালো করতে হলে সেনেগাল ফরোয়ার্ডকে আরও আত্মবিশ্বাসী হতে হবে।

গ্রীষ্মের দলবদলে লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেওয়ার পর জার্মান সুপার কাপের ম্যাচ দিয়ে অভিষেক হয় মানের। লাইপজিগের বিপক্ষে ৫-৩ ব্যবধানে জেতা রোমাঞ্চকর ম্যাচটিতে গোল করে শুরুটা রাঙান তিনি।

এরপর গোল করেছেন আরও চারটি। তারপর এ মাসে খেলা দলের চার ম্যাচে একটুখানি যেন ছন্দহারা মানে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচ সহ টানা চার ম্যাচ গোল করতে পারেননি তিনি। 

ঘরের মাঠে এই ম্যাচের ৭০তম মিনিটে তাকে বসিয়ে সের্গে জিনাব্রিকে নামান কোচ। ম্যাচ শেষে মানের গোল না পাওয়া নিয়ে প্রশ্নের উত্তরে নাগেলমান বলেন, এটি নিয়ে তিনি উদ্বিগ্ন নন। জার্মান কোচ মনে করেন, সময়ের সঙ্গে তাদের খেলার ধরনের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নেবেন মানে।

“(ধারাবাহিকতার অভাব) দলে নতুন হিসেবে এটা খুবই স্বাভাবিক। তাকে অবশ্যই আরও কিছু বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে, যা লিভারপুলের থেকে এখানে কিছুটা ভিন্ন।”

“এই সপ্তাহেই তাকে কিছু বিষয়ে বলেছি, যেমন আমি দেখতে চাই মাঠে কিছু কাজ সে যেন আরও বেশি বেশি করে। (আক্রমণের সময়)…সঙ্গীদের কম খুঁজতে হবে এবং তার আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার চেষ্টা করতে হবে। তবে তাকে পেয়ে আমরা খুব খুশি এবং সে আমাদের খেলায় তার ছাপ ফেলবে।”

বুন্ডেসলিগার নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার আউক্সবুর্কের মুখোমুখি হবে বায়ার্ন। লিগে প্রথম তিন ম্যাচ জয়ের পর টানা তিনটি ড্র করেছে তারা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টানা ১০ বারের চ্যাম্পিয়নরা।