২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবাডিতে এবার ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ

টানা তৃতীয় জয় তুলে নিয়েছে প্রতিযোগিতার গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2024, 05:23 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডিতে মুকুট ধরে রাখার পথে দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশ। এবার ইন্দোনেশিয়াকে উড়িয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছেন আরদুজ্জামান-জিয়ারা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বুধবার ইন্দোনেশিয়াকে ৫৯-১৯ পয়েন্টে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। 

প্রথমার্ধে এক পর্যায়ে ১৭-০ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর পয়েন্টের খাতা খোলে ইন্দোনেশিয়া; তবে স্বাগতিকদের মোটেও আটকে রাখতে পারেনি তারা। ৩৪-০২ পয়েন্টে এগিয়ে ম্যাচে চালকের আসনে বসে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ইন্দোনেশিয়া একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এই অর্ধে ১৭ পয়েন্ট পায় তারা।

দক্ষিণ কোরিয়াকে ৬৭-২২ পয়েন্ট ব্যবধানে উড়িয়ে প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জিতেছিল ৭৩-২২ পয়েন্টে।

চতুর্থ ম্যাচে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ মুখোমুখি হবে পোল্যান্ডের।