২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ামিতেই নিজের শেষ দেখেন মেসি

একদিন বুটজোড়া তুলে রাখতে হবে, এটা ভাবতে বসলে মনের মধ্যে একটু ভয়ও লাগে আর্জেন্টাইন মহাতারকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 12:23 AM

Updated : 26 Aug 2026, 09:46 AM

অবসর ভাবনা নিয়ে ইদানিং প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় লিওনেল মেসিকে। আবারও একই প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। বললেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান ইন্টার মায়ামির হয়েই।

একটা সময় বিষয়গুলো এমন ছিল যে, বার্সেলোনাতে শুরু, বার্সেলোনাতেই শেষ মেসির, কিন্তু পরে পরিস্থিতি যায় বদলে। কাম্প নউয়ের প্রিয় আঙিনা ছেড়ে তিনি পাড়ি জমালেন পিএসজিতে। থিতু হলেন না সেখানেও। এরপর আর্জেন্টিনার মহাতারকা নোঙর ফেলেন ইন্টার মায়ামিতে। অন্তত এখনকার ভাবনা, মেজার সকার লিগের এই দলের হয়ে ক্লাব ক্যারিয়ারের বুটজোড়া তুলে রাখতে চান তিনি।

মেসির চাওয়া পূরণ হবে কিনা, তা সময়ই বলে দেবে। তবে ইএসপিএনের সঙ্গে আলাপচারিতায় বিশ্বকাপ জয়ী তারকা মনের আগল খুলে বলেছেন অবসর ভাবনা, কাতার বিশ্বকাপ জয় পরবর্তী সময়ের ভাবনার বদল, ফুটবলের প্রতি তার সীমাহীন ভালোবাসা, ফুটবলকে বিদায় বলার ভাবনা মাথায় এলে মনের গহীনে জেগে ওঠা অজানা ভয়’সহ অনেক বিষয় নিয়ে।

এ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার মুকুট ধরে রাখার প্রস্তুতি নিয়ে ব্যস্ত মেসি। ২৮ বছরের খরা কাটিয়ে ২০২১ সালে আলবিসেলেস্তেদের লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ফিরে পাওয়ায় দারুণ অবদান রেখেছিলেন তিনি। পরের বছর কাতার বিশ্বকাপ জয়েও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। এবারের মহাদেশ সেরার লড়াইয়েও এই মহাতারকার কাছে প্রত্যাশার কমতি নেই দলটির।

আগামী ২৪ জুনেই ৩৭ পূরণ করবেন মেসি। বলতে গেলে ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসে পড়েছেন তিনি। ‘বয়সী’ মেসি প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন, তা মাঠের লড়াই শুরু হলেই আঁচ পাওয়া যাবে। তবে ফুটবলকে বিদায় জানানোর বিষয়ে তিনি ঠিক মনস্থির করতে পারেননি এখনও।

“সারা জীবন আমি এটাই করেছি (ফুটবল খেলেছি), ফুটবল খেলতে ভালোবাসি, অনুশীলন উপভোগ করি, জীবনের প্রতিটি দিন, ম্যাচগুলো…এটা থেমে যাবে ভেবে সবসময়ই একটু ভয় লাগে।”

ইউরোপের ফুটবল তো দূরের কথা, মেসি বার্সেলোনা ছাড়বেন-এমনটা হয়ত কেউ কখনও ভাবেনি। কিন্তু বাস্তবে মেসিকে ছাড়তে হয়। ইউরোপের আলো ঝলমলে ফুটবলের আঙিনা ছেড়ে যাওয়া কঠিন পদক্ষেপ ছিল বলেও জানিয়েছেন তিনি। 

২০২২ কাতার বিশ্বকাপ জয় বিষয়গুলো ‘ভিন্নভাবে’ দেখতে সাহায্য করেছিল বলে জানিয়েছেন মেসি। অবসর ভাবনা নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে আটবারের ব্যালন দ’র জয়ী ঘুরেফিরে বলেছেন, ‘এখনও ভাবিনি’, বরং উপভোগের মন্ত্রে ছুটতে চান যতদূর সম্ভব।

“অবসর নিয়ে চিন্তা করি না আমি। নিজেকে উপভোগের চেষ্টা করি এবং একারণে আমি সবকিছু আরও বেশি করে উপভোগ করতে পারছি। কেননা, চলার পথটা যে ক্রমেই ছোট হয়ে আসছে, সে বিষয়ে সচেতন আমি।”

“আমি ভালো সময় কাটাচ্ছি। সতীর্থ ও বন্ধুদের নিয়ে ক্লাবেও ভালো সময় কাটাচ্ছি। অন্যদিকে, জাতীয় দলেও ভালো সময় কাটছে আমার, সেখানেও আমার সতীর্থ ও বন্ধু আছে অনেক।”

এরপরও ইঙ্গিত দিয়ে রাখলেন, খুব বেশি দিন ফুটবলকে আঁকড়ে ধরে থাকতে চান না। ছোটখাট বিষয়ে আনন্দে খুঁজে নেওয়া এই মহাতারকার ‘আপাতত’ পরিকল্পনা মায়ামির হয়ে শেষটা টানা।

“আমার মনে হয়, মায়ামিই আমার শেষ ক্লাব। আমার আজকের ভাবনা, এটাই আমার শেষ ক্লাব হবে।”