১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেষ দিকের গোলে শিরোপার আরও কাছে মোহামেডান

ড্রয়ের পথে থাকা ম্যাচের শেষ দিকে দুই গোল করে দারুণ জয় তুলে নিয়েছে আলফাজ আহমেদের দল।

শেষ দিকের গোলে শিরোপার আরও কাছে মোহামেডান
লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ১১তম জয় পেল মোহামেডান। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 12:38 PM

পিছিয়ে পড়া পুলিশ এফসিকে সমতার স্বস্তি এনে দিলেন দানিলো কুইপাপা। এই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাকই ম্যাচের অন্তিম সময়ে মোহামেডানকে উপহার দিলেন পেনাল্টি। মোজাফ্ফর মোজাফ্ফরভের সফল স্পট কিকের পর যোগ করা সময়ে একক প্রচেষ্টায় ব্যবধান আরও বাড়ালেন ইমানুয়েল সানডে। দারুণ জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শিরোপার জয়ের আরও কাছে পৌঁছে গেল মোহামেডান।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ৩-১ গোলে জিতেছে মোহামেডান। প্রথম পর্বের দেখায় তাদের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল সাদাকালো জার্সিধারীরা।

এই জয়ে ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আলফাজ আহমেদের দল। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে আপাতত ৭ পয়েন্ট নিয়ে এগিয়ে তারা।

শুরু থেকে দুই দল খেলতে থাকে সাবধানী ফুটবল। তেড়েফুঁড়ে আক্রমণে উঠছিল না কেউ। সেট-পিস থেকে যা একটু সুযোগ তৈরি করছিল দুই পক্ষ, কিন্তু বক্সে কার্যকরী হয়ে উঠতে পারছিল না কেউ। 

৩০তম মিনিটে বক্সের ঠিক ওপরে দীপক রায়কে পেছন থেকে ফাউল করেন শান্ত; কুরবানবায়েভের ফ্রি কিক পোস্ট ঘেঁষে বাইরের জাল কাঁপালে এগিয়ে যাওয়া হয়নি পুলিশ এফসির।

৩৪তম মিনিটে মোজাফ্ফরভের কর্নারে আরিফ হোসেনের হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে গেলে প্রথমার্ধ থেকে যায় গোলশুন্য।

৫২তম মিনিটে গোলের অপেক্ষা ফুরায় মোহামেডানের। মেহেদী হাসান মিঠুর ক্রসে দূরের পোস্টে থাকা সানডে অনেকটা লাফিয়ে হেডে বল জড়িয়ে দেন জালে। 

৬৩তম মিনিটে বক্সে দীপককে পেছন থেকে ফাউল করেন একটু আগেই গোলের সুর বেঁধে দেওয়া মেহেদী। সফল স্পট কিকে পুলিশকে সমতায় ফেরান ব্রাজিলের দানিলো কুইপাপা।

৭৪তম মিনিটে ইমানুয়েলের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি সুলেমানে দিয়াবাতে। একটু পরই পুলিশের শেখ বাবলু বলের নিয়ন্ত্রণ নিলেও উড়িয়ে মেরে নষ্ট করেন ভালো সুযোগ।

৮৫তম মিনিটে মিনহাজুর রাকিবের ফ্রি কিকে বক্সে গোলমুখ থেকে দিয়াবাতে টোকা দেওয়ার আগ মুহূর্তে তাকে পেছন থেকে ফাউল করে বসেন দানিলো। রেফারি বাজান পেনাল্টির বাঁশি। বলের লাইনে ঝাঁপিয়েও মোজাফ্ফরভের জোরাল স্পট কিক আটকাতে পারেননি তুষার।

যোগ করা সময়ে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা সানডে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন। নিশ্চিত হয়ে যায় চলতি লিগে মোহামেডানের ১১তম জয়। 

টানা চার ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া পুলিশ এফসি ১৯ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

সাত হারের পর ওয়ান্ডারার্সের জয়

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ইউসুফ সিফাত। চলতি প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ হারের পর ভুলে যাওয়া জয়ের স্বাদ পেল ওয়ান্ডারার্স।

অবশ্য এই জয়ের পরও লিগ টেবিলে ওয়ান্ডারার্স থাকল অবনমন অঞ্চলেই। ১৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলে দশ দলের মধ্যে তারা আছে নবম স্থানে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ফর্টিস।