২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখুঁত সুইস’ পরীক্ষার সামনে ইংল্যান্ড

প্রতিপক্ষকে চাপে রেখে খেলার সামর্থ্যও চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেখিয়েছে সুইজারল্যান্ড; সেরা চারে ইংল্যান্ডের ওঠার পথটা তাই বেশ কঠিন হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2024, 09:29 AM

Updated : 10 Sep 2026, 12:10 PM

কিছুদিন আগেও যদি সুইজারল্যান্ডকে প্রতিপক্ষ পেত ইংল্যান্ড, তাহলে হয়তো তারা খুশিই হতো। কিন্তু চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সুইসদের দারুণ পথচলা, বিশেষ করে শেষ ষোলোয় শিরোপাধারী ইতালিকে ‘নিখুঁত’ ফুটবল খেলে, ম্যাচজুড়ে চাপে রেখে হারিয়ে দেওয়ার পর বদলে গেছে সবকিছু। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটেরও তাই সুইজারল্যান্ডকে নিয়ে ভাবতে হবে নতুন করে।

ডুসেলডর্ফে আগামী শনিবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। ২০২১ সালে রানার্সআপ হওয়া ইউরোপ সেরার আসরে ইংল্যান্ডের সর্বোচ্চ প্রাপ্তি; ওই আসরেই প্রথম এবং সবশেষ কোয়ার্টার-ফাইনাল খেলেছিল সুইজারল্যান্ড; অর্থাৎ তাদের সামনে প্রথমবার সেরা চারে খেলার হাতছানি।

গত বিশ্বকাপের পর খেলা ১৮ ম্যাচের মধ্যে সুইজারল্যান্ড হেরেছে মাত্র একটিতে। কেবল এই পরিসংখ্যান নয়, আরও নানা কারণেই দলটি আদায় করে নিয়েছে সমীহ। তাদের আর ‘সহজ প্রতিপক্ষ’ ধরে নেওয়ার সুযোগ নেই কারো সামনে।

গ্রুপ পর্বে স্বাগতিক জার্মানিকে রুখে দেওয়ার পর শেষ ষোলোয় সুইসরা ২-০ গোলে হারিয়ে দেয় মুকুট ধরে রাখার মিশনে আসা ইতালিকে। চলতি আসরে এ পর্যন্ত ৩৬টি ট্যাকল করেছে তারা, যা তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় সংখ্যক, কিন্তু গোল হজম করেছে মাত্র ৩টি। এই পরিসংখ্যান দেখাচ্ছে, সুইসরা কতটা গোছালো এবং প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে পারদর্শী।

দলটির পোস্টে থাকা ইয়ান সমেরকে গত চার ম্যাচে সেভ করতে হয়েছে মাত্র ৬টি আক্রমণ; যেটি দেখাচ্ছে, রক্ষণের কড়া পাহারায় তিনি কতটা সুরক্ষিত। চলতি ইউরোয় আর কোনো গোলরক্ষক সমেরের মতো এতটা নির্ভার থাকতে পারেনি।

চলমান টুর্নামেন্টে বক্সের বাইরে থেকে দুই গোল পাওয়া দল এখন পর্যন্ত চারটি। জার্মানি, তুরস্ক ও রোমানিয়ার সাথে আছে সুইজারল্যান্ড। যদিও ৪৮ শতাংশ বল পজেশন ছিল বিগত ম্যাচগুলোয়, কিন্তু লক্ষভ্রষ্ট শটের (১৫টি) চেয়ে লক্ষ্যে বেশি শট (১৮টি) রাখা দলও তারা।

সুইসদের আরেকটি শক্তির জায়গা একাধিক খেলোয়াড়ের স্কোরিংয়ের সক্ষমতা। এ পর্যন্ত তাদের করা সাতটি গোল এসেছে ভিন্ন ভিন্ন খেলোয়াড় থেকে; অর্থাৎ ব্যক্তিগত নৈপুণ্যনির্ভরতার চেয়ে আক্রমণ কিংবা রক্ষণে দলীয় প্রচেষ্টাই পুজি তাদের। 

ইতালিকে গুঁড়িয়ে দেওয়ার পর সুইস মিডফিল্ডার রুবেন ভারগাস বলেছিলেন, “আমরা তাদেরকে শ্বাস নেওয়ার সময় দেইনি।” ইতালির মিডফিল্ডার ব্রায়ান ক্রিস্তেন্তেও ওই ম্যাচের পর অকপটে বলেছিলেন, “আমাদেরকে শারীরিকভাবে এবং সংগঠিতভাবে পরাজিত করেছে তারা।”

সুইস কোচ মুরাত ইয়াকিন এরই মধ্যে হুঙ্কার ছেড়ে বলেছেন, কেন ইংল্যান্ডকে হারাতে পারব না আমরা? কোয়ার্টার-ফাইনাল ম্যাচ সামনে রেখে আবারও দিলেন ইংল্যান্ডকে চেপে ধরার বার্তা।

“যখন আমরা চাপ দিতে শুরু করব…আমরা ইংল্যান্ডকে খেলতে দিব না। এটাই আমাদের লক্ষ্য।”

ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে তাই ‘শ্বাস’ নেওয়ার পথ খুঁজে বের করতেই হবে। চলমান ইউরোতে এখনও সমর্থকদের মন ভরাতে পারেননি জুড বেলিংহ্যাম-হ্যারি কেইনরা। অতীত পরিসংখ্যান যদিও পক্ষে, দুই দলের ২৭ দেখায় ইংলিশদের হার মাত্র ৩টি, সবশেষটি ১৯৮১ সালে। কিন্তু মাঠের লড়াইয়ে এই সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে তাদের জন্য।