২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো ভক্তদের মাঠে ঢুকতে পর্তুগাল কোচের মানা

অতিরিক্তি ভালোবাসা দেখিয়ে বারবার মাঠে ঢুকে পড়া ভক্তরা বিপজ্জনক বলে মন্তব্য করেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 06:22 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

ইউরো চ্যাম্পিয়নশিপে পর্তুগালের ম্যাচ চলাকালে বারবার মাঠে দর্শক ঢুকে পড়ায় বাড়তি নিরাপত্তার ঘোষণা আগেই দিয়েছে উয়েফা। এর সঙ্গে এবার নিজেদের সংবরণ করে ভক্তদেরও মাঠে ঢোকার চেষ্টা করতে মানা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। 

ডর্টমুন্ডে শনিবার তুরস্কের বিপক্ষে ৩-০ গোলে জেতে পর্তুগাল। ম্যাচ চলাকালে রোনালদোর সঙ্গে ছবি তুলতে কয়েক দফা মাঠে ঢুকে পড়ে ভক্তরা। এটিকে খেলার জন্য বিপজ্জনক বলে মন্তব্য করলেন পর্তুগাল কোচ।  

সেদিন প্রথম দফায় ৭০তম মিনিটে মাঠে ঢুকে রোনালদোর সঙ্গে সেলফি তোলে এক খুদে দর্শক। এর ১৫ মিনিট পর আরেক দর্শক মাঠে ঢোকার মুখে নিরাপত্তাকর্মীরা বাধা দিয়ে থামিয়ে দেন। 

তবে ম্যাচ শেষ হওয়ার পরপর আরও পাঁচ জন দর্শক মাঠে ঢুকে যান পর্তুগিজ মহাতারকার সঙ্গে ছবি তুলতে। কয়েকজনের আবদার মেটালেও, একটা পর্যায়ে খানিকটা অসন্তুষ্ট দেখা যায় রোনালদোকে।

ম্যাচের পর এসব ঘটনায় উষ্মা প্রকাশ করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন পর্তুগাল কোচ। পরে উয়েফার পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, জর্জিয়ার বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।

এতেও যেন পুরোপুরি নির্ভার হতে পারলেন না মার্তিনেস। তাই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রোনালদোর ভক্তদের উদ্দেশ্যেও আলাদা বার্তা দিলেন পর্তুগাল কোচ।

“২০ বছরের বেশি সময় ধরে জাতীয় দলের সঙ্গে থাকা অভিজ্ঞ ফুটবলার রোনালদো। সে জানে ভক্তরা কেমন সমর্থন দিয়ে থাকে। শুধু পর্তুগাল সমর্থক নয়, সামগ্রিক ফুটবল ভক্তরাও। তবে আমি আশা করব, আর কেউ মাঠে ঢুকে পড়বে না।”

“এটি খুবই বিপজ্জনক। ফুটবলের জন্য ভালো নয় এটি। আমরা যে খেলা দেখতে চাই, এটি তার অংশ নয়।”

বাংলাদেশ সময় বুধবার রাতে জর্জিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে তারা।