‘তলানির’ দল নটিংহ্যামের মাঠে হারল লিভারপুল
প্রতিপক্ষের মাঠে ধারহীন ফুটবল খেলল ইয়ুর্গেন ক্লপের দল।
টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে মাঠে নামা লিভারপুলকে আটকে দিল লিগ টেবিলের তলানিতে থেকে খেলতে নামা নটিংহ্যাম ফরেস্ট। দারুণ জয়ে সবার নিচে থেকে এক ধাপ উপরেও উঠে এলো তারা।
নিজেদের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ১-০ গোলে হারায় নটিংহ্যাম। গত অগাস্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারানোর পর চলতি লিগে আবার জয়ের স্বাদ পেল দলটি; ৯ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলেই।
লিগে তৃতীয় হারের তেতো স্বাদ পাওয়া লিভারপুল ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।
মৌসুমের শুরু থেকেই লিগে সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। তবে চ্যাম্পিয়ন্স লিগে রেঞ্জার্সের মাঠে জয়ের পর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হ্যামকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল তারা। এই হারে ফের উল্টো রথে ‘অল রেড’ খ্যাত দলটি।
আগের ম্যাচের গোলদাতা দারউইন নুনেসকে বাইরে রেখে দল সাজান ক্লপ। আক্রমণভাগের দায়িত্ব দেন মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোকে। শুরু থেকে লিভারপুল বলের নিয়ন্ত্রণে আধিপত্য করলেও তাদের আক্রমণে ছিল না ধার।
নবম মিনিটে হার্ভি এলিয়টের ক্রসে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে ফাবিও কারবাইয়োর শট আটকান গোলরক্ষক ডিন হেন্ডারসন। একটু পর জেমস মিলনারের ক্রসে ফিরমিনোর হেড হয় লক্ষ্যভ্রষ্ট।
৩০তম মিনিটে এলিয়টের পাস ধরে সালাহর শট আটকান গোলরক্ষক। নটিংহ্যাম বিক্ষিপ্ত কিছু আক্রমণ শাণালেও লিভারপুল গোলরক্ষক আলিসনের তেমন কোনো পরীক্ষা নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও ছন্দ ফেরেনি লিভারপুলের খেলায়। ৫১তম মিনিটে ফ্রি কিকে বল সামনে পড়লেও পা ছোঁয়াতে পারেননি সালাহ।
চার মিনিট পর লিভারপুলকে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় নটিংহ্যাম। স্টিভ কুকের নিচু আড়াআড়ি ক্রসে তাইয়োর প্রথম শট আলিসনকে ফাঁকি দিলেও পোস্টে প্রতিহত হয়, ফিরতি শটে ঠিকই বল জালে জড়ান এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।
শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। জয়ের ঘ্রাণ পেতে থাকা নটিংহ্যামের খেলোয়াড়দের অধিকাংশ বক্সে নেমে রক্ষণ আরও জমাটে মনোযোগী হয়। পোস্টের নিচে দূর্ভেদ্য ছিলেন হেন্ডারসনও।
৮৫তম মিনিটে ট্রেন্ট অ্যালক্সডান্ডার-আর্নল্ডের হেড আটকান তিনি। একটু পর সালাহ লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা আরও বাড়ান।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে ভার্জিন ফন ডাইকের হেড এক হাতে আটকে দলকে জয়ের পথে রাখেন হেন্ডারসন। এরপর ২৫ বছর বয়সী এই গোলরক্ষক সালাহর আরেকটি প্রচেষ্টা ফেরানোর পরই বাজে শেষের বাঁশি। দারুণ জয়ের উল্লাসে মেতে ওঠে নটিংহ্যামের ডাগআউট, সমর্থকরাও।
