১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

চেনা ছন্দে নেই এমবাপে, তবে চিন্তিত নন দেশম

লিগ আঁয় এরই মধ্যে সাত গোল করলেও মাঠে আগের মতো প্রভাব বিস্তার করতে পারছেন না কিলিয়ান এমবাপে।

চেনা ছন্দে নেই এমবাপে, তবে চিন্তিত নন দেশম

নিউক‍্যাসল ইউনাইটেডের বিপক্ষে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি কিলিয়ান এমবাপে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:50 PM

Updated : 11 Oct 2023, 05:56 PM

কিলিয়ান এমবাপে গোল খরায় ভুগছেন, তা বলা যাবে না। তবে সর্বোপরি পারফরম্যান্সে ঠিক চেনা রূপে দেখা যাচ্ছে না তারকা এই ফরোয়ার্ডকে। আর এজন্য এমবাপে নিজেও যে খুশি নন, তা বুঝতে পারছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।

২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের পরের ম্যাচ এবং একটি প্রীতি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জেতানো কোচ দেশম। ওই সময়ই দলের সেরা তারকার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন তিনি।

লিগ আঁতে এরই মধ্যে সাত গোল করেছেন পিএসজি ফরোয়ার্ড এমবাপে। তারপরও তার পারফরম্যান্সে ঘাটতি চোখে পড়ছে অনেক। সবশেষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ৪-১ গোলে উড়ে যায় পিএসজি, ওই ম্যাচে এমবাপে গোল যেমন পাননি তেমনি মাঠেও তেমন কোনো প্রভাব রাখতে পারেননি তিনি।

Image

ফ্রান্স কোচ দিদিয়ে দেশম মনে করেন, গ্রীষ্মে প্রস্তুতি ভালো হয়নি কিলিয়ান এমবাপের। 

দেশম মনে করেন, প্রস্তুতির ঘাটতিরন জন‍্যই সেরা চেহারায় দেখা যাচ্ছে না এমবাপেকে।  

“তার ক্লাবের সাম্প্রতিক কয়েক ম্যাচের ফলের মতো সে নিজেও তার সেরা ছন্দে নেই। মাঠে সে যা কিছু করতে এবং ম্যাচে প্রভাব রাখতে সক্ষম, সেই বিবেচনায় অবশ্যই দলে তার গুরুত্ব অনেক বেশি।”

“তাকে যে সেরা ছন্দে দেখা যাচ্ছে না, এমনটা এই প্রথম হচ্ছে না, আবার এবার শেষও নয়। আসলে এবার তার গ্রীষ্মের প্রস্তুতিটা ভালো হয়নি।” 

অবশ্য এমবাপেকে নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচের। দ্রুতই সে ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস দেশমের।

“এমবাপে বা তার প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব নিয়ে আমি একেবারেই চিন্তিত নই। তাকে আমি খুব ভালো করে জানি। এই মুহূর্তে অবশ্যই সে খুশি নয়। এমনকি সে যখন ভালো করে, তখনও সে আরও ভালো খেলতে চায়।”

ইউরো বাছাইয়ে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে ফ্রান্স। ১৫ পয়েন্ট নিয়ে আছে ‘বি’ গ্রুপের শীর্ষে।

আগামী ১৩ অক্টোবর আমস্টারডামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স। তিন দিন পর তারা ঘরের মাঠে প্রীতি ম‍্যাচে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।