২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালের ইউরো দলে রোনালদোর সঙ্গে ৪১ বছর বয়সী পেপে

আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১২৮ গোল করা ক্রিস্তিয়ানো রোনালদো ৩৯ বছর বয়সেও আছেন দুর্দান্ত ফর্মে, হয়ে উঠতে পারেন দলের কাণ্ডারি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2024, 08:02 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ছুটে চলা ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার হাতছানি। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে নিয়েই আসছে ইউরোর জন্য দল দিয়েছে পর্তুগাল।

আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য মঙ্গলবার ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। তার দলে ৩৯ বছর বয়সী রোনালদো ছাড়াও আছেন দেশটির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় পেপে, পোর্তোর এই ডিফেন্ডারের বয়স ৪১ বছর।

মার্তিনেসের এই দলে প্রিমিয়ার লিগ খেকে ডাক পেয়েছেন মোট ৯ জন। ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটি থেকে আছেন তারকা মিডফিল্ডার বের্নার্দো সিলভা ও ডিফেন্ডার রুবেন দিয়াস। আগামী শনিবার এফএ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও আছেন একজন করে মিডফিল্ডার ও ডিফেন্ডার; ব্রুনো ফের্নান্দেস ও দিয়োগো দালোত।

গত বছরের জানুয়ুারিতে ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে যোগ দেওয়া রোনালদোর পারফরম্যান্সে এখনও বয়স তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে রেকর্ড ১২৮ গোল করা তারকা আছেন দুর্দান্ত ফর্মে; সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ৪২ গোল। 

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল এবারের আসরে আগামী ১৮ জুন খেলবে প্রথম ম্যাচ, চেক রিপাবলিকের বিপক্ষে। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ তুরস্ক ও টুর্নামেন্টটিতে প্রথমবারের মতো সুযোগ পাওয়া জর্জিয়া।

পর্তুগালের ইউরো দল:

গোলরক্ষক: দিয়োগো কস্তা (পোর্তো), জোসে সা (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রুই পাত্রিসিও (রোমা)

ডিফেন্ডার: আন্তোনিও সিলভা (বেনফিকা), দানিলো পেরেইরা (পিএসজি), দিয়োগো দালোত (ম্যানচেস্টার ইউনাইটেড), গনসালো ইনাসিও (স্পোর্তিং), জোয়াও কানসেলো (বার্সেলোনা), নেলসন সেমেদো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), নুনো মেন্দেস (পিএসজি), পেপে (পোর্তো), রুবেন দিয়াস (ম্যানচেস্টার সিটি)

মিডফিল্ডার: ব্রুনো ফের্নান্দেস (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও নেভেস (বেনফিকা), জোয়াও পালিনিয়া (ফুলহ্যাম), ওতাভিও মনতেইরো ( আল নাস্‌র), রুবেন নেভেস (আল হিলাল), ভিতিনিয়া (পিএসজি)

ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), ক্রিস্তিয়ানো রোনালদো ( আল নাস্‌র), দিয়োগো জটা (লিভারপুল), ফ্রান্সিসকো কনসেইকাও (পোর্তো), গনসালো রামোস (পিএসজি), জোয়াও ফেলিক্স (বার্সেলোনা), পেদ্রো নেতো (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রাফায়েল লেয়াও (এসি মিলান)