২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পরিবারের জন্য ড্রেসিং রুম ছেড়ে বাইরে মাক আলিস্তের

হট্টগোলের মাঝে পরিবারের সদস্যের নিরাপদে মাঠে ঢোকানোর জন্য ড্রেসিং রুম থেকে বের হয়ে আসতে হয়েছে আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তেরকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:47 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

নিরাপত্তা শঙ্কায় পরিবারের পাশে দাঁড়াতে ড্রেসিং রুম থেকে বের হয়ে এসেছেন আলেক্সিস মাক আলিস্তের। তার সহযোগিতায় হট্টগোলের মাঝে কোনোমতে মাঠে প্রবেশ করতে পেরেছেন পরিবারের সদস্যরা। 

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে টিকেটবিহীন দর্শকদের উপদ্রবে টিকেট কেনা দর্শকদের বেশিরভাগেরই মাঠে ঢুকতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সেই তালিকায় ছিল মাক আলিস্তেরের পরিবারও।

ম্যাচটি খেলার জন্য দলের সঙ্গে মাঠে প্রবেশ করেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার। বাইরের ঝামেলার মধ্যে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে যান তিনি। এক পর্যায়ে ড্রেসিং রুম ছেড়ে তিনি ছুটে যান পরিবারের সদস্যদের মাঠে ঢোকানোর জন্য।

মাঠে ঢোকার পর আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসে ঘটনা তুলে ধরেন মাক আলিস্তেরের মা সিলভিন।

“আমাদের মাঠে প্রবেশ করানোর জন্য আলেক্সিসকে (ড্রেসিং রুম থেকে) বের হয়ে আসতে হয়েছিল। এটি (পুরো ঘটনা) খুবই অমানবিক ছিল।”

পরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দলের সকল ফুটবলারের পরিবারের সদস্যরা মাঠে প্রবেশ করে নিজেদের আসনে বসতে পেরেছে।