ওজন বাড়িয়ে ফেরা ফিলিপসকে ‘সবসময় ফিট’ চান কোচ
ম্যানচেস্টার সিটি কোচ মনে করেন, ভবিষ্যতের জন্য ভালো একটা শিক্ষা হয়েছে কেলভিন ফিলিপসের।
কাতার বিশ্বকাপ শেষে ওজন বাড়িয়ে ম্যানচেস্টার সিটিতে ফেরায় কেলভিন ফিলিপসের উপর ক্ষুব্ধ ছিলেন পেপ গুয়ার্দিওলা। ইংলিশ মিডফিল্ডারের ফিটনেসে উন্নতি হওয়ায় সেটা একটু শিথিল হয়েছে হয়তো। তবে ভবিষ্যতের জন্য ঠিকই সতর্কবার্তা দিয়ে রেখেছেন ম্যানচেস্টার সিটি কোচ। বলেছেন, তার আশা এই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সবসময় প্রস্তুত রাখবেন ফিলিপস।
বিশ্বকাপে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। সব মিলিয়ে বদলি হিসেবে খেলেন ৪০ মিনিট। গ্রীষ্মের দলবদলে লিডস ইউনাইটেড থেকে যোগ দেওয়ার পর এখনও সিটির শুরুর একাদশে কোনো ম্যাচে জায়গা হয়নি ২৬ বছর বয়সী এই ফুটবলারের।
নতুন ক্লাবে নিজের জন্য কাজটা ফিলিপস আরও কঠিন করে তোলেন বিশ্বকাপ শেষে বাড়তি ওজন নিয়ে ফিরে। এজন্য ইংলিশ লিগ কাপে গত ২২ ডিসেম্বর লিভারপুলের বিপক্ষে জয়ের ম্যাচে তাকে দলের বাইরে রাখেন গুয়ার্দিওলা। প্রকাশ্যে সমালোচনাও করেন এই স্প্যানিশ কোচ।
এফএ কাপের তৃতীয় রাউন্ডে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় চেলসির বিপক্ষে খেলবে সিটি। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফিলিপসকে নিয়ে গুয়ার্দিওলা বলেন, যখন খেলা থাকবে না তখনও দলের সবাইকে পুরোপুরি ফিট থাকতে হবে।
“এটা তার (ফিলিপসের) ভবিষ্যতের জন্য ভালো একটা শিক্ষা হতে পারে। আমি মনে করি, একজন ফুটবলারকে ১২ মাসই নিখুঁত হতে হবে; এমনকি ছুটির সময়েও।”
“আপনি উপভোগ করতে পারেন এবং আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, তবে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ, এই মানের খেলা খুব চাহিদাপূর্ণ। এই প্রস্তুত থাকাটাই আমাদের চাওয়া। প্রতি তিন দিন পর পর খেলতে হলে আপনাকে ফিট হতে হবে এবং আপনি যদি ফিট না হন তবে কিছুই নন। গত সপ্তাহে মানের দিক থেকে সে উন্নতি করেছে।”
চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন ফিলিপস। চেলসির বিপক্ষে না হলেও লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বৃহস্পতিবার সাউথহ্যাম্পটনের বিপক্ষে এই ইংলিশ ফুটবলার থাকতে পারেন শুরুর একাদশে, এমন ইঙ্গিত দিয়েছেন গুয়ার্দিওলা।
