০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মুখোমুখি ২ ‘গোলমেশিন’ এমবাপে-হলান্ড

ক্লাব ও জাতীয় দলের হয়ে গোলের পর গোল করে চলা দুই তারকা ফরোয়ার্ডের লড়াই দেখার জন‍্য উন্মুখ ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

মুখোমুখি ২ ‘গোলমেশিন’ এমবাপে-হলান্ড
ফ্রান্সের জার্সিতে কিলিয়ান এমবাপে (বাঁয়ে) ও নরওয়ের জার্সিতে আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2025, 03:06 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

বিশ্বকাপে এরই মধ‍্যে নিজের ছাপ রেখেছেন কিলিয়ান এমবাপে, অন‍্যদিকে প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে যাচ্ছেন আর্লিং হলান্ড। ২০২৬ বিশ্বকাপে তাদের দল পড়েছে একই গ্রুপে। এই দুই গোলমেশিনের দ্বৈরথ দেখার জন‍্য উন্মুখ ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

‘আই’ গ্রুপের সব প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। গত দুই আসরের ফাইনালিস্ট ও দুইবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে আছে নরওয়ে ও সেনেগাল। ফিফা প্লে-অফ পেরিয়ে তাদের সঙ্গী হবে ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ‍্যে কোনো এক দল।

ম‍্যানচেস্টার সিটি ও নরওয়ে তারকা হলান্ডের বাছাইপর্বে কেটেছে দুর্দান্ত। আট ম‍্যাচে করেছেন ১৬ গোল। চারবারের বিশ্ব চ‍্যাম্পিয়ন ইতালিকে পেছনে ফেলে ১৯৯৮ সালের পর প্রথমবার দলকে নিয়ে এসেছেন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। 

কোনো অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেই হলান্ডের চেয়ে বেশি গোল করেননি কেউ। নরওয়ের কেউ কেউ এরই মধ‍্যে তাকে দেখছেন দেশটির সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে। 

সাম্প্রতিক বছরগুলোতে হলান্ডের গোলের যে পরিসংখ‍্যান, তার কাছাকাছি যাওয়াও বেশিরভাগের জন‍্য ভীষণ কঠিন। খুব অল্প যে কয়েকজন পাল্লা দিতে পারেন ২৫ বছর বয়সী স্ট্রাইকারের সঙ্গে, তাদের একজনের সঙ্গেই গ্রুপ পর্বে দেখা হবে তার। 

ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার দুই শীর্ষ গোলদাতা প্রথমবার কোনো আন্তর্জাতিক ম‍্যাচে মুখোমুখি হবেন ‘আই’ গ্রুপের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে।

এমবাপে ২৬ বছর বয়সেই ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা হওয়া থেকে কেবল দুই গোল দূরে। রেয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে লিগে ১৫ ম‍্যাচে তিনি করেছেন ১৬ গোল। এরই মধ‍্যে ২২ গোলে এগিয়ে থেকে নরওয়ের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন হলান্ড। সিটির হয়ে এবার লিগে ১৪ ম‍্যাচে তিনি করেছেন ১৫ গোল। 

এই দুই তারকার লড়াই দেখার জন‍্য মুখিয়ে আছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

“এটা হবে দারুণ এক দ্বৈরথ। কিলিয়ান ও হলান্ড সারা বিশ্বেই পরিচিত এবং আসরের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে থাকবে তারা।”

তাদের কাছ থেকে প্রত‍্যাশা গোল, প্রচুর গোল।