ফ্লুমিনেন্সে ফিরছেন সিলভা
স্বদেশের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
চেলসি ছাড়ার ঘোষণা দেওয়ার পর নতুন ঠিকানা বেছে নিয়েছেন চিয়াগো সিলভা। আগামী মে মাসে স্বদেশের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
ব্রাজিলিয়ান সেরি আর ক্লাবটি মঙ্গলবার জানায়, তাদের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৯ বছর বয়সী সিলভা।
আগামী ১৯ মে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে চেলসি। এরপর ফ্লুমিনেন্সেতে যোগ দেবেন সিলভা। ১০ জুলাই আন্তর্জাতিক ট্রান্সফার উইন্ডো চালু হওয়ার আগে অবশ্য ক্লাবটির হয়ে খেলতে পারবেন না তিনি।
১৯৯৮ সালে ফ্লুমিনেন্সের হয়েই যুব ক্যারিয়ার শুরু করেন সিলভা। ২০০৬ সালে দিনামো মস্কো থেকে ধারে জন্ম শহর রিও দে জেনেইরোর ক্লাবটিতে ফেরেন তিনি। পরের বছর পাকাপাকিভাবেই তাদের সঙ্গে চুক্তি করেন। এরপর ২০০৯ সালে যোগ দেন এসি মিলানে।
ইতালিয়ান ক্লাবটি হয়ে, পিএসজি ঘুরে ২০২০ সালে ফ্রি ট্রান্সফারে চেলসিতে নাম লেখান সিলভা। প্রিমিয়ার লিগের দলটির হয়ে তিনি খেলেছেন ১৫২ ম্যাচ। ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন তিনটি শিরোপা।
চলতি মৌসুম শেষে চেলসি ছাড়ার ঘোষণা দেন তিনি গত মাসে।
