২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেনাল্টি প্রাপ্য ছিল’ দাবি বার্সেলোনার আরাউহোর

শিষ্যের দাবি নিয়ে অবশ্য মন্তব্য করেননি বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস, তিনি বরং হারের পেছনে দায় দেখছেন নিজেদেরই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 04:30 PM

Updated : 29 Oct 2023, 05:53 PM

প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের ট্যাকলে রোনালদ আরাউহো ডি-বক্সে পড়ে যান। উঠে করেন পেনাল্টির আবেদন, রেফারি যদিও সাড়া দেননি। ক্লাসিকোয় হারের পর ওই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ঝাড়লেন আরাউহো; বার্সেলোনার এই ডিফেন্ডারের দাবি, পেনাল্টি প্রাপ্য ছিল তাদের।

মৌসুমের প্রথম ক্লাসিকোয় শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়ার পর বার্সেলোনা কোচ অবশ্য ওই পেনাল্টি নিয়ে মন্তব্য করেননি। তিনি বরং হারের পেছনে দায় দেখছেন নিজেদেরই।

“আমি এটা দেখিনি। সম্ভাব্য পেনাল্টি নিয়ে ছেলেরা ড্রেসিং রুমে কথা বলছিল। কিন্তু আজ আমরা রেফারির কারণে হারিনি, আমরা হেরেছি সুযোগগুলো কাজে লাগাতে পারিনি বলে এবং আমরা ম্যাচটা শেষ করলাম হার দিয়ে, যেটা আমাদের মোটেও প্রাপ্য ছিল না।” 

ষষ্ঠ মিনিটেই ইলকাই গিনদোয়ানের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর দুইবার পোস্ট পথ আগলে দাঁড়ানোয় ব্যবধান দ্বিগুণ করতে পারেনি তারা। ওই দুই হতাশার মাঝে প্রথমার্ধের শেষ দিকে শট নিতে যাওয়ার সময় অহেলিয়া চুয়ামেনির একটু বাধায় পড়ে যান আরাউহো।

বার্সেলোনার পেনাল্টির আবেদন আমলে নেননি ম্যাচের রেফারি গিল মানসানো। ওই সময় সিদ্ধান্ত বার্সেলোনার পক্ষে গেলে ম্যাচ আরও চলে যেতে পারত তাদের মুঠোয়। পেনাল্টি না পাওয়ায় তাই ভীষণ হতাশ আরাউহো।

 “আমি ভেবেছিলাম, এটা পেনাল্টি ছিল। আমি শট নিতে যাচ্ছিলাম এবং তখনই সে (চুয়ামেনি) পেছন থেকে ধাক্কা দেয়। যদি সে ধাক্কা না দিত, তাহলে হয়ত আমি গোল করতাম।” 

“রেফারি অন্তত ঘটনাটা রিভিউয়ে দেখতে পারত। এটা তার সিদ্ধান্ত এবং আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু ঘটনাটা দুঃখের, কেননা, এটা পরিষ্কার একটা বিষয় ছিল।”