২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনালে খেলতে প্রস্তুত মেসি, জানালেন স্কালোনি

অনুশীলনে লিওনেল মেসির সার্বিক অবস্থা দেখে কানাডার বিপক্ষে সেমি-ফাইনালে তার খেলা নিয়ে ইতিবাচক খবরই দিলেন আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2024, 10:03 AM

Updated : 26 Aug 2026, 09:57 AM

লিওনেল মেসির হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে কিছুটা সংশয় থাকলেও সেমি-ফাইনালের আগে সব উড়িয়ে দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ পরিষ্কার জানিয়ে দিলেন, ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে তৈরি দলের অধিনায়ক। 

গ্রুপ পর্বে বাম পায়ের চোটে কিছুটা অস্বস্তি থাকায় পেরুর বিপক্ষে তৃতীয় ম্যাচটি খেলেননি মেসি। তবে কোয়ার্টার-ফাইনালে একুয়েডরের বিপক্ষে পুরো সময় মাঠে ছিলেন আর্জেন্টিনার মহাতারকা। 

সেদিন অবশ্য পূর্ণ ছন্দে দেখা যায়নি মেসিকে। একুয়েডরের রক্ষণে তেমন ভীতি জাগাতে পারেননি তিনি। গোলের সুযোগ পেয়েও পারেননি জালের ঠিকানা খুঁজে নিতে। ফিটনেসের দিক থেকেও শতভাগ মনে হয়নি তাকে। 

সেমি-ফাইনালের আগে তেমন কোনো শঙ্কা নেই জানালেন স্কালোনি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলে মেসির প্রয়োজনীয়তার কথাও বললেন আর্জেন্টিনা কোচ। 

“লিও (মেসি) ভালো আছে। সে ভালোভাবে (অনুশীলন) শেষ করেছে। তো আগামীকালের ম্যাচে সে থাকবে। আমরা শান্ত আছি। সে ভালো পর্যায়ে। আমাদের জন্য জরুরি সে।”

নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল কোপা আমেরিকার শিরোপাধারীরা।