‘বিশ্ব সেরা’ উরুগুয়ে ম্যাচের জন্য তৈরি বলিভিয়া
উরুগুয়ের দুর্বল জায়গা খুঁজে সেখানে আঘাত করে দারুণ কিছু করার ছক আঁকছেন বলিভিয়া কোচ আন্তোনিও কার্লোস জাগো।
কোপা আমেরিকার সবচেয়ে বেশি শিরোপা জেতা দুই দলের একটি উরুগুয়ে। তাদের সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত। তাই দলটিকে এই মুহূর্তে বিশ্ব সেরাদের একটি হিসেবে দেখছেন আন্তোনিও কার্লোস জাগো। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে অবশ্য নিজেদের তৈরি মনে করছেন বলিভিয়া কোচ।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার শুরুটা ভালো হয়নি বলিভিয়ার। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলে হেরে গ্রুপে তলানিতে আছে তারা। দলটি পরের ম্যাচ উরুগুয়ের বিপক্ষে। যারা এখন পর্যন্ত ১৫বার জিতেছে মহাদেশিয় এই প্রতিযোগিতার মুকুট। সবশেষ আসরে শিরোপা জিতে তাদের পাশে বসেছে আর্জেন্টিনা।
উরুগুয়ের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি বলিভিয়ার জন্য কোপা আমেরিকার নক আউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখার লড়াই। তাই এই লড়াইয়ে মার্সেলো বিয়েলসার দলের বিপক্ষে নিজেদের উজাড় করে দিতে চান ব্রাজিলিয়ান কোচ জাগো।
“আগামীকাল আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা দলগুলোর একটির বিপক্ষে খেলতে যাচ্ছি, সম্ভবত দক্ষিণ আমেরিকার সেরা দল কারণ তারা দারুণ খেলে বছর শেষ করেছে এবং এ বছরও তারা ভালো খেলছে।”
“দারুণ একটা ম্যাচ খেলার জন্য আমাদের শুরু থেকেই মনোযোগী হতে হবে, সবকিছু সম্পর্কে সচেতন থাকতে হবে। খেলোয়াড়রা মাঠে সবকিছু উজাড় করে দিচ্ছে, উন্নতি করার চেষ্টা করছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং উরুগুয়ের বিপক্ষে ভালো ফলাফল আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা দারুণ একটা দল।”
গত নভেম্বরে উরুগুয়ের মুখোমুখি হয়েছিল বলিভিয়া। বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল তারা। এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১০ দলের মধ্যে নবম স্থানে আছে দলটি।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পেছনে থেকে দুই নম্বরে আছে উরুগুয়ে। গত অক্টোবরের পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায় বিয়েলসার দল, পরের মাসে শিরোপাধারী আর্জেন্টিনাকে।
কোপা আমেরিকার শুরুটাও ভালো হয়েছে উরুগুয়ের। পানামাকে ৩-১ গোলে হারিয়েছে দলটি। ছন্দে থাকা প্রতিপক্ষের দুর্বল দিক খুঁজছেন জাগো। বলিভিয়া কোচ সেখানে আঘাত করে তুলে নিতে চান জয়।
“সব দলেরই একটা দুর্বল দিক থাকে। আমরা ম্যাচে সেটা কাজে লাগানোর চেষ্টা করব। উরুগুয়ে এমন একটি দল যারা দুর্দান্ত খেলোয়াড় নিয়ে খুব চেপে ধরে। কিন্তু আমরা একটি ভালো ম্যাচ খেলার জন্য কঠোর পরিশ্রম করেছি। জয়ের চেষ্টা করব।”
