কোপায় ডাক পেয়েও ফিরিয়ে দিলেন কামিংস
নিজেই নিজেকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার পর নিজের যোগ্যতার ঘাটতির কথা বলেন হারল্ড কামিংস।
প্রাথমিক দলে সুযোগ না পেলেও অধিনায়কের চোটে খুলে গেল হারল্ড কামিংসের কোপা আমেরিকা খেলার দুয়ার। তবে ডাক পেয়েও দলে যোগ দিতে নারাজ পানামা ডিফেন্ডার। কোচকে এরই মধ্যে জানিয়েছেন নিজের অপারগতার কথা।
কোপা আমেরিকা শুরুর আগেই দুঃসংবাদ পায় পানামা। প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমে ঊরুতে চোট পান অধিনায়ক আনিবাল গোদোই।
আগামী রোববার উরুগুয়ের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে গোদোইয়ের বদলি হিসেবে কামিংসকে ডেকেছিলেন টমাস ক্রিস্টিয়ানসেন।
প্রাথমিকভাবে কোচের ডাকে সাড়া দেন কামিংস। সবুজ সংকেত পেয়ে ক্লাব জেলাহু ও কনমেবলেও আনুষ্ঠানিক বদলির জন্য চিঠি দেয় পানামা। কিন্তু এর কিছুক্ষণ পর মত বদলে ফেলেন কামিংস। ফলে এখন নতুন কাউকে নিতে হবে ক্রিস্টিয়ানসেনের।
নিজেই নিজেকে বাদ দেওয়ার পর যোগ্যতার ঘাটতির কথা বলেন কামিংস।
“আমি কোচের সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে যোগাযোগ করেছি এবং নিজের অবস্থান পরিষ্কার করেছি। এবার আমি কোপা আমেরিকায় যাব না কারণ এই মুহূর্তে নিজ দেশের প্রতিনিধিত্ব করার অবস্থায় নেই আমি।”
“নিজের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে, এই ধরনের টুর্নামেন্টে নেওয়ার জন্য যে কোচ আমাকে আত্মবিশ্বাস দিচ্ছেন তার সঙ্গেও সৎ থাকতে হবে। তবে একইসঙ্গে এই জার্সি, সতীর্থ ও দেশের ব্যাপারেও সজাগ থাকতে হবে যে এই মুহূর্তে জাতীয় দলে সেরা ফুটবলারদেরই থাকা উচিত।”
