চলে গেলেন ‘কোচদের কোচ’ ব্লাজেভিচ
১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া কোচ ছিলেন মিরোস্লাভ ব্লাজেভিচ।
নিজেদের ইতিহাসের সবচেয়ে সমৃদ্ধ কোচদের একজনকে হারিয়েছে ক্রোয়েশিয়া। ৮৭ বছর বয়সে ওপারে পাড়ি জমিয়েছেন দেশটির সাবেক কোচ মিরোস্লাভ ব্লাজেভিচ।
৮৮তম জন্মদিনের দুই দিন আগে পৃথিবার মায়া কাটিয়ে চলে গেলেন ব্লাজেভিচ। ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন (এইচএনএস) বুধবার তার মৃত্যুর খবরটি জানায়।
২০১৫ সালের জানুয়ারিতে অবসর নেওয়ার আগ পর্যন্ত ৪৭ বছর ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন ব্লাজেভিচ।
ছয়টি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে শিরোপা জেতার স্বাদ পেয়েছিলেন ব্লাজেভিচ। তার হাত ধরে ২৪ বছরের অপেক্ষা শেষে ১৯৮২ সালে যুগোস্লাভ ফার্স্ট লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। নিজের কোচিং ক্যারিয়ারের এটাই তার সেরা অর্জন বলে উল্লেখ করেছিলেন তিনি।
ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ব্লাজেভিচকে ‘সব কোচদের কোচ’ উল্লেখ করে মৃত্যুতে শোক প্রকাশ করেছে এইচএনএস।
“সমগ্র ক্রোয়েশিয়ান ফুটবল পরিবারের পক্ষ থেকে এইচএনএস ব্লাজেভিচের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে, যারা ‘সব কোচদের কোচকে’ হারিয়েছে।”
আন্তর্জাতিক ফুটবলে ক্রোয়েশিয়ার সেরা সাফল্যও এসেছে এই কোচের হাত ধরেই। ছয় বছর ক্রোয়াট জাতীয় দলের দায়িত্বে ছিলেন ব্লাজেভিচ। সেই সময়ের ১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপেই বিস্ময় জাগিয়ে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া।
১৯৬৮ সালে কোচিংয়ে যুক্ত হওয়া ব্লাজেভিচ ক্রোয়েশিয়া ছাড়া আরও চারটি দেশের ডাগআউটে ছিলেন। দলগুলো হলো.. সুইজারল্যান্ড,ইরান, বসনিয়া-হার্জেগোভিনা ও চীনের অনূর্ধ্ব-২৩ দল।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফার সভাপতি আলেকসান্দের চেফেরিন ব্লাজেভিচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, শিরোপা অর্জন ছাপিয়ে ফুটবলে অবদানের জন্য ব্লাজেভিচ স্মরণীয় হয়ে থাকবেন।
“তিনি আধুনিক ক্রোয়েশিয়ান ফুটবলের জনক এবং আমাদের খেলাটির সেরা কোচদের একজন। তার লেগাসি যে কোনো ট্রফি বা জয়ের উর্ধে।”
