চাপে থাকলেও ক্লাবের ‘সমর্থন পাচ্ছেন’ টেন হাগ
লিভারপুলের বিপক্ষে ম্যাচ ছাড়া আপাতত আর কিছু ভাবছেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
ম্যানচেস্টার ইউনাইটেডের পড়তি ফর্মের কারণে ক্রমশ চাপ বাড়ছে কোচ এরিক টেন হাগের ওপর। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে দলটি, ধুঁকছে প্রিমিয়ার লিগেও। আসছে ম্যাচে লিভারপুলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে না পারলে হয়তো আরও বেশি চাকরি হারানোর শঙ্কায় পড়ে যাবেন তিনি। তবে বিষয়টি নিয়ে নিরাবেগ এই ডাচ কোচ। দাবি করলেন, তার প্রতি ক্লাবের পূর্ণ আস্থা আছে।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে একটিতে কেবল জিতেছে ইউনাইটেড। এই টানা ব্যর্থতার মধ্যে রয়েছে ইউরোপ সেরার মঞ্চে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হারও, তাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রু পর্ব থেকেই বিদায় নিয়েছে দলটি।
লিগে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
অ্যানফিল্ডে রোববার মুখোমুখি হবে এই দুই দল। দারুণ ফর্মে থাকা ইয়ুর্গেন ক্লপের দলের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি চাপ অনুভব করারই কথা টেন হাগের। যদিও ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অভিজ্ঞ এই কোচ বললেন, স্রেফ দলের উন্নতি নিয়েই ভাবছেন তিনি।
“আমি এটা (চাকরি) নিয়ে উদ্বিগ্ন নই। আমি জিততে চাই এবং দলকে সঠিক পথে এগিয়ে নিতে চাই।”
“আমি (ক্লাবের সমর্থন) অনুভব করি এবং তারাও তেমনই বলে…আমি দলকে ভালো খেলাতে এবং পথে ফেরাতে সঠিক প্রক্রিয়াটাই অনুসরণ করছি। কিভাবে (খেলোয়াড়দের) ব্যক্তিগত পারফরম্যান্স আরও ভালো করা যায়, সেটাই এখন আমার ভাবনার বিষয়।”
২০১৬ সালের জানুয়ারির পর অ্যানফিল্ডে আর জয়ের দেখা পায়নি ইউনাইটেড। ওই সময়ে দলের কোচ ছিলেন আরেক ডাচ লুইস ফন খাল।
গত মৌসুমে তো লিগে এই অ্যানফিল্ডে ভীষণ তেতো অভিজ্ঞতা হয়েছিল ইউনাইটেডের। টেন হাগের দল বিধ্বস্ত হয়েছিল ৭-০ গোলে।
কঠিন এই সময়ে লিভারপুলের বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ দুজনকে পাচ্ছে না ইউনাইটেড। নিষেধাজ্ঞায় আছেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস আর চোটে ভুগছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
