জমজমাট লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে সমতায় নেপাল
প্রথম ম্যাচে দাপুটে জয় পাওয়া বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে পারল না ধারাবাহিকতা ধরে রাখতে।
দ্বিতীয় ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে কাবাডিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা ফেরাল নেপাল।
পল্টন স্টেডিয়ামে রোববার বাংলাদেশকে ৪৫-৪২ পয়েন্টে হারায় নেপাল। প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৫৩-২৯ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
দুই ম্যাচ শেষে সিরিজে এখন ১-১ সমতা।
এদিন ম্যাচ শুরুর পর প্রথম পয়েন্ট তুলে নিয়ে লড়াইয়ের ইঙ্গিত দেয় নেপাল। জমজমাট লড়াইয়ের পর ২৪-২৪ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধেও লড়াই চলতে থাকে সমানতালে। একসময় স্কোরলাইন ছিল ৩৮-৩৮। সেখান থেকে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ালে এক পর্যায়ে স্কোরলাইন হয় ৪২-৪২। কিন্তু শেষ দিকের ঝলকে সফরকারীরা জয় তুলে নেয়।
একই ভেন্যুতে আগামী মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় শুরু হবে তৃতীয় ম্যাচ।
